বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট বাস্তবায়নকে বড় ধরনের চ্যালেঞ্জ মনে করেন সরকারি দলের অনেক সাংসদও। কারণ, প্রস্তাবিত বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে।জাতীয় সংসদে আজ মঙ্গলবার বাজেট আলোচনায় সাংসদেরা এ কথা বলেন। তাঁরা পুঁজিবাজারের কারসাজির পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবিও জানান।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল জলিল বলেন, বাজেটে বড় ধরনের ঘাটতি আছে। ঘাটতি পূরণ করতে গিয়ে জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বাড়াতে হবে। এতে অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত আসবে। মূল্যস্ফীতি বাড়াবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে। তাই এই বাজেট বাস্তবায়নে ঝুঁকি আছে। ঝুঁকি এড়াতে বিদ্যুতে ভর্তুকি দিতে হবে।আবদুল জলিল আরও বলেন, পুঁজিবাজারকে যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অপারগ কেন? এটি আমার প্রশ্ন নয়, জাতির প্রশ্ন। বাজেটে শ্রমিকদের রেশন দেওয়ার জন্য বরাদ্দ রাখার দাবি জানিয়ে তিনি বলেন, পুলিশ, সশস্ত্র বাহিনী এবং বিজিবি রেশন পেয়ে থাকে। শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করা হলে ৭০ লাখ লোক সুবিধা পাবে।বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে। তবে আওয়ামী লীগ সরকারে পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব।সরকারি দলের আলী আশরাফ বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, গত শতকের মন্দার চেয়ে এবারের বিশ্বমন্দা অনেক বেশি প্রলম্বিত হচ্ছে। এরই মধ্যে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে বিশ্বমন্দা। এতে বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আসতে পারে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘বিরোধী দল পার্বত্য চট্টগ্রামকে রোহিঙ্গাদের হাতে তুলে দিতে চায়। সে জন্য তারা রোহিঙ্গাদের দেশের অভ্যন্তরে ঢোকাতে চায় এবং পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু বর্তমান সরকার তা হতে দেবে না। কারণ, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম মৃত্যু উপত্যকা ছিল। আমরা সেখানে শান্তি এনেছি।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপির মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। অনেকে মনে করেন, ওনার (খালেদা জিয়া) একসময় আন্দোলন ছিল বাড়ি রক্ষায়। এখন উনি আছেন ছেলেদের রক্ষায়। আমু বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, তারা কীসের ভিত্তিতে আন্দোলন করতে চান। নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের রক্ষায়।আমু বলেন, ‘জামাতের মধ্যেও বোধোদয় হবে। যখন তারা বুঝবে, এই কয়েকজন নেতার জন্য কেনো আমরা ধ্বংস হয়ে যাব। তখন তারাও আপনাদের পাশে থাকবেন না।’আসাদুজ্জামান নূর তামাক চাষকে নিরুত্সাহিত করার ব্যবস্থা নিতে বলেন। পাশাপাশি আদা চাষকে উত্সাহিত করতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব দেন। তিনি সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন এবং অসচ্ছল সাংস্কৃতিক সদস্যদের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেন।অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, ইমরান আহমেদ, মোজাম্মেল হোসেন, সুকুমার রঞ্জন ঘোষ, ফরিদুল হক খান প্রমুখ।