বাজেট বাস্তবায়নে চার ঝুঁকি দেখছে সিপিডি
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ক্ষেত্রে চারটি সুস্পষ্ট ঝুঁকির কথা বলেছে সংস্থাটি। এগুলো হলো— অর্থায়ন ঝুঁকি, বৈদেশিক ঋণের ঝুঁকি, সামষ্টিক অর্থনীতির ঝুঁকি এবং রাজনৈতিক ঝুঁকি।সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে তাঁর বহুল ব্যবহূত গাড়ি চালানোর উদাহরণ টানেন। এবার তিনি বলেন, ‘অর্থমন্ত্রী যখন গাড়ি চালাতে চাইবেন, তাঁর সিটবেল্টটা অবশ্যই বেঁধে রাখতে হবে।’ ড. দেবপ্রিয় আরও বলেন, সরকারের মধ্য মেয়াদে এসে নির্বাচনী প্রতিশ্রুতির বাকি কাজ এগিয়ে নিতে হয়। কিন্তু আগামী দিনগুলোয় নিঃসন্দেহে রাজনৈতিক ঝুঁকি বাড়বে। এ পরিস্থিতির আশঙ্কায় মধ্য আয়ের দেশ থেকে সমঝোতার পথ খোঁজার পরামর্শ দেন তিনি। জাতীয় বাজেট ২০১১-১২ পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। এর আগে ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান গোটা বাজেটের বিশ্লেষণ ও পর্যালোচনা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। দেবপ্রিয় ব্যাখ্যা করে বলেন, অর্থমন্ত্রীর সিটবেল্ট বাঁধাটা বাধ্যতামূলক হবে রাজস্ব আহরণের ধারা ও ব্যক্তি খাতের উৎপাদনে অর্থ সরবরাহের ধারা অব্যাহত রাখতে, কৃষি খাতের উৎপাদন সংহত করতে, প্রবাসী-আয় (রেমিট্যান্স) আয় চালু রাখতে ও বৈদেশিক সাহায্যকে বেশি পরিমাণে অবমুক্ত করতে। তিনি বলেন, ‘এই সিটবেল্টটা যদি ওনার বাঁধা না থাকে, তাহলে গাড়ি চালানোটা অনেক ক্ষেত্রেই শঙ্কাজনক হবে বলে আমরা মনে করি।’নির্বাচনী প্রতিশ্রুতি ও বাজেট: প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নীতিকাঠামোর অগ্রাধিকারগুলো সামগ্রিকভাবে দেখলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বা প্রতিশ্রুতির ঘোষণামূলক বক্তব্যের মধ্যে মিল থাকলেও প্রায়োগিক ক্ষেত্রে তা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বড় উন্নয়নের জায়গা হলো কৃষি ও গ্রামীণ উন্নয়ন। অথচ কৃষিতে মন্ত্রণালয়ের বরাদ্দ কমে গেছে। ভর্তুকির পরিমাণও কমবে।সিপিডি বলেছে, বর্তমান বছরে কৃষিতে গুরুত্বের ক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি খুব সংগতিপূর্ণ মনে হয় না। প্রতিশ্রুতিতে ২০১১-১২ অর্থবছরের মধ্যে আওয়ামী লীগের সুনির্দিষ্ট চারটি লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। এগুলো হলো—২০১২ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, ২০১১ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট নিশ্চিত করা। কিন্তু অর্থমন্ত্রীর বক্তৃতায় এর কোনো জবাবদিহি পাওয়া যায় না। সিপিডি আরও বলেছে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্টভাবে খুব দ্রুতই কর্মসংস্থান সৃষ্টির নীতি তৈরি করার কথা ছিল, কিন্তু দুই বছরে তেমন কোনো নীতি পাওয়া যায়নি। ১১টি কর্মসংস্থান প্রকল্প রয়েছে। চলতি বছর এ ক্ষেত্রে বরাদ্দ কমেছে, কিন্তু সুবিধাভোগীর সংখ্যা বাড়তে পারে। আরেকটি কর্মসূচি ছিল ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প। দেবপ্রিয় বলেন, আসলে এটা হবে ৮০ দিনের। এটাকে ১০০ দিনে উন্নীত করা কিংবা বিস্তৃত করার সুযোগ ছিল। এবার বরাদ্দ হয়েছে এক হাজার কোটি টাকা। এর এক-তৃতীয়াংশ বিশ্বব্যাংক দিচ্ছে। কিন্তু এর বিস্তৃতি করার কোনো পদক্ষেপ, ইশতেহারের সঙ্গে অর্জনের দিকটি অর্থমন্ত্রীর বক্তৃতায় পাওয়া যায়নি।ঝুঁকির দিক: সিপিডি বলেছে, বাজেট অর্থায়নে সরকার ব্যাংক থেকে বড় ঋণ করবে। আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী নিজেই ব্যক্তি খাতের ঋণ সংকোচনের কথা বলেছেন। ফলে ব্যক্তি খাতকে সরকারের সঙ্গে বছরজুড়েই ঋণের জন্য প্রতিযোগিতা করতে হতে পারে। বৈদেশিক ঋণের ঝুঁকি নিয়ে সিপিডি বলেছে, এ বছর এপ্রিল পর্যন্ত ১৪০ কোটি ডলারের বৈদেশিক সাহায্য ব্যবহার করা গেছে। বলা হচ্ছে, ২৪০ কোটি ডলার পাওয়া যাবে। বাজেট প্রস্তাবনায় আগামী বছর ৩৩০ কোটি ডলার সাহায্য পাওয়া যাবে বলে ধরে নেওয়া হচ্ছে। ফলে এ বছর আরও ১০০ কোটি ডলার বেশি পেতে হবে এবং তা ব্যবহার নিশ্চিত করতে হবে। পদ্মা সেতুর অর্থ ছাড় ও ব্যবহারের বিষয়টিও এখানে রয়েছে। কিন্তু বর্তমান উন্নয়ন প্রশাসনের যে অবস্থা, তাতে এ কাজ সহজ হবে না। সামষ্টিক অর্থনীতির ঝুঁকি প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত না হয়, যদি আমদানি-রপ্তানির ভারসাম্য আরও বেশি দুর্বল হয়ে যায়, যদি কোনো কারণে সুদের হার আরও বাড়তে থাকে এবং বিনিয়োগকে বাধাগ্রস্ত করে, তাহলে অবশ্যই এক ধরনের ঝুঁকির সৃষ্টি হবে। যার ফলে রাজস্ব আয় কমে যাবে ও বিনিয়োগ কমতে পারে এবং সরকারের ব্যয় করার ক্ষমতাও কমে যাবে। সিপিডি বলেছে, এক ধরনের সামাজিক-রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিকাশ ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মধ্য আয়ের দেশের পথের যে অগ্রসরতা, তার গুরুত্ব সরকারকেই বেশি নিশ্চিত করতে হয়। এই রাজনৈতিক ঝুঁকি প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, ‘রাজনৈতিক ঝুঁকি নিঃসন্দেহে বাড়ছে। একটি সরকার যখন মধ্য মেয়াদে আসে, তখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তার নির্বাচনী বাদবাকি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন। এ জন্য শান্তি-স্থিতিশীলতা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ সামষ্টিক ভারসাম্য: মোস্তাফিজুর রহমান বিশ্লেষণ করে বলেন, প্রস্তাবিত বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। অন্যদিকে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। ব্যক্তি খাতের ঋণের প্রবৃদ্ধি কমিয়ে ২০ শতাংশ, ব্যাপক মুদ্রার সরবরাহ কমিয়ে ১৬ শতাংশ করা হয়েছে। আবার রপ্তানির ৩৮ শতাংশ প্রবৃদ্ধির ওপর আগামী বছর ১৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে। কিন্তু আমদানির ক্ষেত্রে বর্তমান বছরে ৪৫ শতাংশ প্রবৃদ্ধির স্থানে আগামী বছর ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হচ্ছে। বিশ্ববাজারে দ্রব্যমূল্য যদি না কমে, তাহলে এই আমদানি দিয়ে মূলধনি যন্ত্রপাতি এনে কীভাবে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে, তা নিয়ে সংশয়-সন্দেহ থেকে যাচ্ছে। রেমিট্যান্সও একটু শ্লথ হবে। ফলে বৈদেশিক মুদ্রার মজুদের ওপর চাপ আসবে। কৃষি খাত: মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি খাতে আগের চেয়ে বরাদ্দ কমেছে। আসন্ন অর্থবছরে কৃষি খাতে বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দকৃত অর্থের ৪ দশমিক ২৩ শতাংশ কম। আবার কৃষি খাতে ভর্তুকির পরিমাণও কমেছে। সংশোধিত বাজটের চেয়ে কৃষি খাতের ভর্তুকি কমেছে ২৬ দশমিক ৬৬ শতাংশ। তবে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজেটের উদ্যোগগুলোর প্রশংসা করেছে সিপিডি। একই সঙ্গে কৃষি গবেষণায় ৪৫০ কোটি টাকার তহবিলকে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করে। শিল্প খাত: ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো শিল্পাঞ্চলে বিনিয়োগকে কর অবকাশসুবিধার বাইরে রাখাকে যৌক্তিক মনে করছে সিপিডি। এতে শিল্পায়নে আঞ্চলিক বৈষম্য দূর করতে ভূমিকা রাখবে। সব ধরনের মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণের সুপারিশ করেছে সিপিডি। অন্যদিকে দেশীয় বস্ত্র খাতকে আরও প্রতিযোগিতা-সক্ষম করতে কাপড় আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে ৪৫ শতাংশে বৃদ্ধিকে ইতিবাচক মনে করে সিপিডি। লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় আনার সুপারিশ করেছে সংস্থাটি। কালো টাকা সাদা: সিপিডি বলেছে, তারা সব সময়ই নীতিগত কারণে অপ্রদর্শিত বা কালো টাকা বিনিয়োগের সুযোগের বিরোধী। প্রস্তাবিত বাজেটে ভৌত অবকাঠামো তহবিল ও ট্রেজারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগেরও বিরোধিতা করে বলা হয়েছে, গতবারই ভৌত অবকাঠামো খাতে এ সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বাজারে বন্ডই ছাড়া হয়নি। এবার নতুন করে ট্রেজারি বন্ড যোগ করা হয়েছে। দেবপ্রিয় মনে করেন, সরকারের বাজেট অর্থায়নে টাকা দরকার, তাই এ সুযোগ দেওয়া হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ: ভাড়ায় চালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আগামী অর্থবছরে এ খাতে ভর্তুকি ছয় হাজার ৩০০ কোটি থেকে বেড়ে নয় হাজার ৮৫০ কোটি টাকায় উন্নীত হবে বলে মনে করছে সিপিডি। কিন্তু এই বিপুল অর্থের মধ্যে জ্বালানি তেল আমদানিতে কী পরিমাণ ভর্তুকি লাগবে, তা পৃথক হিসাবে দেখানো হয়নি। টেকসই উন্নয়নের জন্য জ্বালানি খাতে ভর্তুকির বিষয়টিতে স্বচ্ছতা ও জবাবদিহি আনা প্রয়োজন বলে মনে করছে তারা। আবার আগামী বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, তা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করে সংস্থাটি। সিপিডি বলেছে, পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কারে বাজেটে বরাদ্দ নেই। অথচ এসব পুরোনো বিদ্যুৎকেন্দ্র সংস্কার করা হলে আরও ৭০০-৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন হবে। সামাজিক খাত: সিপিডির বিশ্লেষণ অনুযায়ী, সামাজিক কর্মসূচিতে জিডিপির অনুপাতে আগের বছরের চেয়ে ১ শতাংশ বরাদ্দ কমেছে। তবে এক হাজার কোটি টাকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল গঠনের প্রশংসা করে এর আওতা স্নাতকোত্তর পর্যায়ে উন্নীত করা এবং পুরো এমপিও-ব্যবস্থা পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে সিপিডি।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা কমে যাওয়ার সমালোচনা করেছে সিপিডি। বলেছে, গতবারের চেয়ে ৫ শতাংশ বা ৪০ লাখ সুবিধাভোগী কমানো হয়েছে। খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে বরাদ্দ কমানোর তীব্র বিরোধিতা করে তারা।সংবাদ সম্মেলনে সংস্থার সংলাপ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন, ঊর্ধ্বতন গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।