রাজনৈতিক অনিশ্চয়তাই আগামী অর্থবছরের (২০১৩-১৪) বাজেট বাস্তবায়নে অন্যতম চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা থাকলে বিনিয়োগ আকৃষ্ট হবে না। ব্যবসা-বাণিজ্য না হলে রাজস্ব আদায় কম হবে। গতকাল শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট-পরবর্তী বিতর্কে নয়টি ইস্যুর প্রতিফলন’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। গুলশানের লেকশোর হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়াকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেন অনেক বক্তা। কালোটাকা তৈরির উৎসগুলো বন্ধের দাবি জানান তাঁরা। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, গবেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা এতে অংশ নেন। আলোচিত বিষয় নিয়ে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন। আলোচনা: অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সংলাপে অংশ নিয়ে বলেন, বিনিয়োগকারীরা বিবেচনা করেন, দেশ কতটা স্থিতিশীল রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে। এ ছাড়া বিনিয়োগ আকৃষ্ট করতে করপোরেট কর কমানোর পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, পুঁজিবাজার, হল-মার্ক, বিসমিল্লাহর মতো ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্র্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে।মুস্তফা কামাল বলেন, রাজনৈতিক অস্থিরতা, বহির্বিশ্বে অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মতো প্রতিকূলতা থাকা সত্ত্বেও চলতি অর্থবছরে রপ্তানি খাতে ১১-১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। ২০২০ সালের মধ্যে তৈরি পোশাক খাত থেকে বছরে ১২৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে। অর্থনীতি টেকসই পথেই আছে বলে তিনি মনে করেন। বাজেট অত্যন্ত গতানুগতিক হয়েছে বলে মনে করেন সাবেক শিক্ষামন্ত্রী, বিএনপির নেতা ওসমান ফারুক। তিনি বলেন, অর্থনীতিতে একধরনের স্থবিরতা চলছে। ৮৮-৮৯ সালেও ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। আর ২০ বছর পরও সেই ৬ শতাংশ প্রবৃদ্ধিই হচ্ছে। এতে আত্মতুষ্টির কিছু নেই। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ কমছে বলে তিনি মনে করেন। পদ্মা সেতু সম্পর্কে ওসমান ফারুক বলেন, পদ্মা সেতুতে আগামী অর্থবছরে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কোনো মানে হয় না। বর্তমান সরকার আগামী ছয় মাসে এই টাকা খরচ করতে পারবে না। বরং বরাদ্দ দিয়ে পরবর্তী সরকারের হাত-পা বেঁধে ফেলা হয়েছে। অতীতের জঞ্জাল পরিষ্কার করতে দাতাদের সঙ্গে পরবর্তী সরকারের আলোচনা করার সুযোগ রাখা উচিত। কালোটাকা সাদা করা প্রসঙ্গে ওসমান ফারুক আরও বলেন, আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া পুরোপুরি অগ্রহণযোগ্য। এই সুযোগের মাধ্যমে অবৈধ আয়ের আরও পথ খুলে দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাজেট বড় নয়। এই বাজেট বাস্তবায়ন সরকারের জন্য ‘অ্যাসিড টেস্ট’। তাঁর মতে, ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন যৌক্তিক। তবে এর সুফল গরিব মানুষের কাছে গেল কি না, সেটাই বড় কথা। ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পর যদি দেখা যায়, গরিব মানুষ কোনো সুফল পায়নি—সেটা ভালো প্রবৃদ্ধি নয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সরকারের পক্ষেই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি মনে করেন, কালোটাকা তৈরির উৎসগুলো বন্ধ করতে হবে। শুধু ব্যবসায়ী নয়, সরকারি কর্মকর্তাদের মধ্যেও কালোটাকার মালিক রয়েছেন। সবশেষে তিনি বলেন, বেসরকারি ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ পড়ে আছে। পরিবেশ থাকলে এই টাকা বিনিয়োগ হবে। বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, বাজেটে রাজস্বসংক্রান্ত পদক্ষেপগুলো ভালো। তবে এটা বাজেট বাস্তবায়নের প্রধান বিষয় নয়। অন্য খাতগুলোকে প্রাধান্য দিতে হবে। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বাজেটে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জন না-ও হতে পারে। এটা বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পদ্মা সেতুতে বরাদ্দ দেওয়ায় অন্য খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। এ ছাড়া বক্তব্য দেন সাংসদ অপু উকিল, সৈয়দা আসিয়া আশরাফী, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ, সাবেক সচিব সোহেল আহমেদ চৌধুরী, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাহউদ্দিন আহমেদ প্রমুখ। মূল প্রবন্ধ: নির্বাচনী বছর, রাজনৈতিক অস্থিরতা ও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি—এই তিনটি বিষয়কে ফাহমিদা খাতুন তাঁর মূল প্রবন্ধে আগামী বাজেট বাস্তবায়নে তিনটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন। মূল প্রবন্ধে তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটের সবচেয়ে দুর্বল দিক হলো রাজস্ব আদায়ের লক্ষ্য। আগামী অর্থবছরে ১০ থেকে ১৪ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে। মূল প্রবন্ধে আরও বলা হয়, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এতে অর্থনীতিতে লাভালাভের বিষয়টিও প্রশ্নবিদ্ধ।