বাজেট ব্যবসাবান্ধব তবে অর্থনীতিতে চাপ বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আপাতদৃষ্টিতে একটি প্রবৃদ্ধি, ব্যবসা ও পুঁজিবাজারবান্ধব বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশন (এফবিসিসিআই)।তবে সংস্থাটি বলছে, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়া, অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ, সরকারি কর্মকর্তাদের ঋণ ও অগ্রিম নেওয়ার পরিমাণ বাড়ানো আগামী দিনে দেশের অর্থনীতির ওপর চাপ বাড়াবে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণই তুলে ধরেছেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসিমউদ্দিনসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।রপ্তানিপর্যায়ে উৎসে কর কাটার বিষয়কে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে হতাশাজনক বলে এ সময় মন্তব্য করেন এ কে আজাদ। তিনি বলেন, ইউরোপে বর্তমানে মন্দা চলছে। সে কারণে রপ্তানির প্রবৃদ্ধি বেশ কমে গেছে। এই অবস্থায় প্রস্তাবিত বাজেটে উৎসে কর দ্বিগুণ করা বাস্তবতাবিবর্জিত। এ প্রস্তাব স্থগিত করা না হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব পড়বে।এ কে আজাদ বলেন, বর্তমানে অর্থনীতির বেশ কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন চোখে পড়লেও এখনো বাংলাদেশকে বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে আছে ইউরোপের অঞ্চলগুলোতে চলমান ঋণসংকট, রপ্তানি আয়ে নেতিবাচক ধারা, বৈদেশিক সহায়তা কমে যাওয়া, ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া এবং মূল্যস্ফীতি। এতে প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এটা অনেক বেশি। ঘাটতি মোকাবিলায় সরকার ব্যাংক থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেবে বলে ঠিক করেছে। এতে ব্যক্তি খাতের ঋণপ্রাপ্তি কমে যেতে পারে। ফলে আবারও তারল্যসংকট দেখা দিতে পারে। একই সঙ্গে ব্যাংকঋণের সুদের হারও বেড়ে যেতে পারে। এসব কারণে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।এক প্রশ্নের জবাবে এফবিসিসিআিইয়ের সভাপতি বলেন, বাজেটে অন্যান্য খাতে কাটছাঁট করে কিংবা করের আওতা বাড়িয়ে সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমাতে পারে।কালোটাকা সাদা করার সুযোগকে কীভাবে দেখছেন জানতে চাইলে এ কে আজাদ বলেন, ‘সরকার কেন এ সুযোগ দিয়েছে, তা সরকারকেই প্রশ্ন করুন। তবে এ সুযোগ আমরা যাঁরা বৈধ করদাতা, তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। এতে সৎ করদাতারা কর দিতে নিরুৎসাহিত হবেন। আর যদি কালোটাকা সাদা করার সুযোগ দিতেই হয়, তবে যত বছর ধরে কর দেননি প্রতিবছরের কর তাঁদের কাছ থেকে আদায় করা উচিত।’এ কে আজাদ বলেন, আমদানি-পর্যায়ে উৎসে কর কাটার হার অপরিবর্তিত (৫ শতাংশ) রাখা হয়েছে। যদিও ব্যবসায়ীদের দাবি ছিল তা ৩ শতাংশ করার। এই উৎসে কর কাটা ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বৃদ্ধির একটি বড় কারণ।ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা না বাড়ানোর সমালোচনা করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, একদিকে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। অন্যদিকে ন্যূনতম কর বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। করপোরেট করহারে পরিবর্তন না আসায় ব্যবসায়ীরা হতাশ উল্লেখ করে এ কে আজাদ বলেন, এ কর কমানো প্রয়োজন।এ ছাড়া ট্রান্সফার প্রাইসিং ও কর ফাঁকি রোধে আয়কর আইনে নতুন অধ্যায় সংযোজন, রপ্তানিমুখী শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও ইটিপি স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার, নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা, শিল্পদূষণ রোধে বাংলাদেশ ব্যাংকে ২০০ কোটি টাকার তহবিল গঠন, বিদ্যুৎ উৎপাদনে বরাদ্দ বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই।