বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়। বরং দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য এ অঙ্কটি সামান্যই। গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকট মেটাতে দরকার আরও বেশি অর্থের। তাই এসব খাতে বিনিয়োগের প্রশ্নে এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো। বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে আজ শুক্রবার অর্থমন্ত্রী এসব কথা জানান। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কালো টাকার বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন অর্থমন্ত্রী। তাঁর ভাষায়, ‘কালো টাকা সাদা করার বিষয়ে কিছুই বলিনি। আগেই বলেছিলাম, ৩০ জুন শেষ। আর সুযোগ নেই। তবে টাকা কালো-সাদার প্রশ্ন নয়। বিনিয়োগকে উত্সাহ দেওয়া দরকার। তারই অংশ হিসেবে বন্ডে ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগের সুযোগ দেওয়া হলো।’ দেশের পরিসংখ্যান ব্যবস্থার দুর্বলতা এবং একে উদ্ধার করার সংকল্পের কথা জানিয়ে বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। তারপরই চলতি অর্থবছরের রাজস্ব আদায় এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হারের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি অর্থমন্ত্রী এও বলেন, ‘বাস্তবায়নের সমস্যা তো আমরাই বলি। তবে অন্যবারের তুলনায় বাস্তবায়ন ভালো। যে যাই বলুন না কেন, সামনে আরও ভালো হবে।’ অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে এবার আলাদাভাবে নজর দেওয়া হয়েছে। শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের বিশদ উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।