প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও স্বপ্নের আলোকবর্তিকা বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, বাজেটে অর্থমন্ত্রী ভালো ভালো কথা বললেও তা বাস্তবায়ন করতে পারবেন না। আগের অর্থবছরের বাজেটও তাঁরা বাস্তবায়ন করতে পারেননি।গতকাল বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। তবে তিনি জানান, এটা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া নয়। বিশদভাবে বাজেট পর্যালোচনা করে পরে দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানাবে বিএনপি।এর আগে খোন্দকার দেলোয়ার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির দুজন সদস্য এম কে আনোয়ার ও আবদুল মঈন খানকে সঙ্গে নিয়ে বাজেট বক্তৃতা শোনেন। তারপর তাঁরা নিজেরা আলোচনা করে গতকালের বক্তব্য ঠিক করেন।খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকার গতবার যে বাজেট দিয়েছিল, তা বাস্তবায়ন করতে পারেনি। অর্থমন্ত্রীর বক্তব্য ও তথ্য-উপাত্তই এর প্রমাণ। তিনি বলেন, ‘আমি খুব মনযোগ দিয়ে পড়তে পারিনি। তবে যতটুকু পড়েছি, তাতে উপাত্তগুলো অস্পষ্ট। বাজেট অস্পষ্ট আবরণে আচ্ছাদিত।’বিএনপির মহাসচিব বলেন, কীভাবে মূল্য সংযোজন করসহ (মূসক) বিভিন্ন কর জনগণের ওপর বর্তাচ্ছে, তা কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না। শুভংকরের মারপ্যাঁচ আছে এতে। তিনি দাবি করেন, সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতকে যথাযথ গুরুত্ব দেয়নি। এই খাতে সরকার মোট বাজেটের মাত্র ৪ দশমিক ৬ শতাংশ বরাদ্দ দিয়েছে। এটা পর্যাপ্ত নয়।খোন্দকার দেলোয়ার বলেন, বাজেটে অন্যদের জন্য আছে আশার আলোকবর্তিকা। এটা স্বপ্নের সোনার হরিণের মতো। স্বপ্নে যা খুশি দেখা যায়, কিন্তু স্বপ্নটা ভেঙে বাস্তব জীবনে এলে দেখা যায় তা ঠিক নয়। এটি একটি অবাস্তব বাজেট। এটি বাস্তবায়নযোগ্য নয়। মানুষকে ভ্রান্ত ধারণা ও ফাঁকি দেওয়ার জন্য এটা বানানো হয়েছে।সরকারের উদ্দেশে দেলোয়ার বলেন, ‘গতবারও মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। বাস্তবে কী হয়েছে? কর্মসংস্থানের কথা বলেছিল, কিন্তু হয়নি। শিল্পে প্রবৃদ্ধির কথা বলেছে, কিন্তু প্রবৃদ্ধি কমে গেছে।’এই বাজেট প্রস্তাবের কোনো ইতিবাচক দিক আপনারা দেখেছেন কি না জানতে চাইলে খোন্দকার দেলোয়ার তাঁর হাতে থাকা বাজেটের সংক্ষিপ্তসারটি দেখিয়ে বলেন, ‘ভাল দিক? এটা খুঁজে বের করেন তো ভালো কী আছে। তারা ভালো ভালো কথা বলে। কিন্তু এর বাস্তবায়ন নেই। তারা কথা বলে মধুর মধুর, বাস্তবে খাওয়ায় কুইনান।’