বাজেটে কালো টাকা সাদা করার আর সুযোগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। তবে যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের বিষয়টি চিন্তা করা হবে। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ঢাকা চেম্বার প্রতিনিধিদল বৈঠককালে সরকারের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেছে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন চেম্বার সভাপতি আবুল কাশেম খান। তাঁরা আগামী বাজেটের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৬ মার্চ চলতি বাজেটের প্রথম ছয় মাসের বাস্তবায়নের অগ্রগতির একটি প্রতিবেদন সংসদে পেশ করা হবে। প্রতিবেদনে তুলে ধরা হবে রাজস্ব আদায়, উন্নয়নের গতিধারা ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়। এ ছাড়া আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনাও প্রতিবেদনে স্থান পাবে।