বাজেটে ঘাটতি অনেক বেশি
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫২ হাজার ৬৮ কোটি টাকা ঘাটতির প্রস্তাব করা হয়েছে। দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এটা অনেক বেশি বলে তাত্ক্ষনিক দেওয়া এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। তবে বাজেটের আকার ও প্রবৃদ্ধির হারের প্রশংসা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার এফবিসিসিআইর সম্মেলন কক্ষে বাজেট নিয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।এ কে আজাদ বলেন, প্রস্তাবিত বাজেটে বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। যদিও এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এটা অনেক বেশি।বাজেটের আকার ও প্রবৃদ্ধির হার নিয়ে এ কে আজাদ বলেন, চলতি অর্থবছরে বাজেটের আকার এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার ১৭ দশমিক দুই শতাংশ করা হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয়। এ কে আজাদ আরও বলেন, বাজেট ঘাটতির কারণে সরকার গত অর্থবছর ১৮ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু প্রথম ছয় মাসে সরকার ২১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেয়। এ বছর এ ঋণের লক্ষ্যমাত্রা ২৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যক্তি খাত ক্ষতিগ্রস্ত হবে। এ খাতে ঋণপ্রাপ্তির পরিমাণ কমে যেতে পারে। এতে তারল্য-সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে ব্যাংক ঋণে সুদের হারও বেড়ে যেতে পারে। তাই সরকারের প্রতি ব্যাংক ঋণের হার কমিয়ে আনার আহ্বান জানান তিনি।এফবিসিসিআইর সভাপতি আরও বলেন, এ বছর সরকারি কর্মকর্তাদের বেতনের বাইরে অতিরিক্ত ঋণ-বাবদ প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটা করদাতাদের জন্য অত্যন্ত বড় একটি বোঝা। এটা পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি। এ ছাড়া ভ্যাট ট্রাইব্যুনালের মামলা এক বছরের পরিবর্তে দুই বছর করার সমালোচনা করেছেন এ কে আজাদ। তিনি বলেন, এতে মামলার জট বেঁধে যাবে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি এ মামলা এক বছরের মধ্যে নিষ্পত্তির বিধান রাখার আহ্বান জানান তিনি। এ ছাড়া মানবসম্পদ ও অন্যান্য সরবরাহ ব্যবস্থাপনার ওপর কর বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনারও অনুরোধ করেন তিনি।অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে উত্স কর আগের অবস্থায় রাখার পক্ষে মত দিয়েছেন এ কে আজাদ। তিনি বলেন, ‘গত অর্থবছরে সরাসরি রপ্তানির ক্ষেত্রে উত্স কর দশমিক ছয় শতাংশ ছিল। এ বছর এটা এক দশমিক দুই শতাংশ করা হয়েছে। বর্তমানে রপ্তানি শিল্প বেশ চাপের মধ্যে রয়েছে। তাই আমরা এটা আগের অবস্থায় রাখার অনুরোধ করছি।’ভোজ্যতেল, জাহাজশিল্প, সিরামিক, ওষুধ ও প্রাথমিক কাঁচামালের ক্ষেত্রে সুবিধা প্রদান করাকে ইতিবাচক হিসেবে দেখছেন এফবিসিসিআইর সভাপতি।কাল শুক্রবার বিকেল ৩টায় এফবিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশন।