বাজেটে চমক নেই, আছে ইন্দ্রজাল: সিপিডি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থ সংগ্রহের চেষ্টা করেছেন সহজ রাস্তায়। কোনো সৃজনশীলতা এখানে নেই। নেই কোনো চমক, উদ্ভাবনী আকর্ষণ। আবার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিবেচনার সঙ্গে ব্যয়নীতি গ্রহণেরও সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না।নির্বাচনের আগের বছর এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করে মাত্র ১০০ কোটি ডলার ঋণ করতে গিয়েই এ অবস্থা হয়েছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।সিপিডির সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এককথায় বাজেট সম্পর্কে বলেন, ‘এত সুন্দর দেখা যাচ্ছে যে সত্য বলে মনে হচ্ছে না।’ তিনি বলেন, অর্থমন্ত্রীর রাজস্ব আয়ের চেষ্টা একটা ‘ইন্দ্রজাল’ অবস্থা তৈরি করেছে। সামগ্রিক বাজেট ব্যাকরণ ও প্রথা-সিদ্ধ হয়েছে। কিন্তু বাস্তবসম্মত নয়।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান যোগ করেন, এ বাজেটে জনগণের উপকার হবে কি না, তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর। এ ক্ষেত্রে ব্যক্তি খাতের বিনিয়োগের ওপরই জনগণের উপকার নির্ভর করবে। আর দেবপ্রিয় বলেন, এ বাজেট বাস্তবায়নে প্রশাসনিক বিপ্লব প্রয়োজন হবে।দেবপ্রিয় ভট্টাচার্য তথ্য-উপাত্ত দিয়ে বলেন, বাজেটের বিভিন্ন প্রস্তাবনায় সাম্যের পরিবর্তে অসাম্য তৈরি হয়েছে। যেমন—মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলো না। উল্টো একই সীমা রেখাতে দুই হাজার টাকা থেকে সর্বনিম্ন কর তিন হাজার টাকায় করা হলো। যা সামাজিক সাম্যের পরিপন্থী কাজ হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য যা গ্রহণযোগ্য হবে না বলে মত দেন দেবপ্রিয়। এমন আরও বেশ কয়েকটি ক্ষেত্রে অসাম্যের তথ্য তুলে ধরেন তিনি।অন্যবারের মতো জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনার পরের দিনই আজ শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে সিপিডি প্রস্তাবিত বাজেটের বিশ্লেষণ ও মূল্যায়ন তুলে ধরে। রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।সিপিডি মনে করে, প্রস্তাবিত বাজেটে আগামী বছর প্রবৃদ্ধি সাত দশমিক দুই শতাংশ অর্জন করা এবং মূল্যস্ফীতির হার সাত দশমিক পাঁচ শতাংশে ধরে রাখা বড় চ্যালেঞ্জ হবে। দেবপ্রিয় বলেন, ‘বাজেটে যেসব ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে এ কথা স্পষ্ট যে ভবিষ্যতে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে খাদ্যপণ্যের দাম আরও বাড়বে। তখন মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী হবে। সে অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা খুবই দুরূহ হবে বলে আমরা মনে করি।’দেবপ্রিয়ের মতে, এ বাজেটের লক্ষ্য পূরণের জন্য যে নীতি কাঠামো প্রয়োজন, তা অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় অনুপস্থিত। কালো টাকা সাদা করার সুযোগ সম্পর্কে সিপিডি বলেছে, তাদের সংস্থার অবস্থান বরাবরই এ ধরনের সুযোগের বিরোধী এবং তা নৈতিকও নয়। কেননা, তাতে সত্ করদাতারা ক্ষতিগ্রস্ত ও নিরুত্সাহিত হন। উপরন্তু, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এটা নেই। আছে অর্থ বিলে, যা একধরনের আড়াল করার চেষ্টা বলেই মনে হয়।দেবপ্রিয় বলেন, পুরো বাজেটে মোট ভর্তুকির পরিমাণ খুঁজে পাওয়া যায়নি। আর সংবেদনশীল বিষয় আড়াল করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলেছেন। কিন্তু কীভাবে কত মাসে এটা করা হবে, এর দিক-নির্দেশনা নেই। তিনি বলেন, এতে মূল্যস্ফীতির আশঙ্কা মানুষের মধ্যে জমতে থাকবে। ভারতকে বৃহত্তর আঙ্গিকে ট্রানজিট দিলে কত আয় হবে বা অতীতে যে সীমিত পরিসরে ট্রানজিট দেওয়া হয়েছে, এতে কি আয় হলো—এর হিসাব অর্থমন্ত্রী দেননি। বাজেট বক্তব্যে বিরাষ্ট্রীয়করণ শব্দটি পর্যন্ত নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুনর্গঠন সম্পর্কে, আইএমএফের সঙ্গে চুক্তির বিষয়টি একেবারের বক্তব্যে আনেননি অর্থমন্ত্রী।দেবপ্রিয় বলেন, বছরটি যে চ্যালেঞ্জিং হবে, তা আগে থেকেই বলা হচ্ছিল। অর্থমন্ত্রী তা স্বীকারও করেছেন। কিন্তু সামগ্রিক অনুধাবনে তা প্রকাশ হয়েছে মনে হয় না। প্রথাগত ধারণার মধ্যেই থেকে গেছে বাজেট বক্তৃতা। আর্থিক শৃঙ্খলার রক্ষা কবচ নেই। ব্যাকরণ-সিদ্ধ বাজেট হলো, কিন্তু এতে আর্থিক ইন্দ্রজাল সৃষ্টি করা হয়েছে।