বাজেটে পুঁজিবাজারে বিশেষ বরাদ্দের দাবি বিনিয়োগকারীদের
আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারে ১০ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের আহ্বায়ক মো. রুহুল আমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু হান্নান লাভলু, সদস্যসচিব আ ন ম আতাউল্লাহ নাইম, জ্যেষ্ঠ সদস্যসচিব মো. শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু মোহাম্মদ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আরও যেসব দাবি জানানো হয়েছে তা হলো, নতুন ব্যাংক কোম্পানি আইন (সংশোধন) ২০১৩-তে যে নতুন বিধান যুক্ত করা হচ্ছে তাতে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সক্ষমতা কমে যাবে। যার প্রভাবে বাজারে তারল্য সংকট আরও প্রকট হয়ে উঠবে। তাই ক্ষতিগ্রস্তদের সার্বিক দিক বিবেচনা করে ব্যাংক কোম্পানি আইনের আগের সিদ্ধান্ত অর্থাত্ ব্যাংকগুলোর মোট দায়ের ১০ শতাংশ বিনিয়োগ সিদ্ধান্ত বহাল রাখা; বিশেষ স্কিমের ঘোষণা দেওয়া ক্ষতিগ্রস্তদের ৫০ শতাংশ সুদ মওকুফ গত এক বছরে বাস্তবায়ন হয়নি বিধায় তা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাচ্ছে। এর ফলে বিনিয়োগকারীরা এখন আরও সর্বস্বান্ত হচ্ছেন। তাই ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত মার্জিন এবং নন মার্জিনসহ ক্ষতিগ্রস্ত সব বিনিয়োগকারী যাতে ক্ষতিপূরণ এবং সুদ মওকুফ পান, সে ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণ; পুঁজিবাজারে স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ফান্ড, বিশেষ স্কিম, প্রণোদনা প্যাকেজসহ প্রভৃতি উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ব্যর্থ হয়েছে, তাদের দ্রুত অপসরণের দাবি; পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ও ঋণের সুদের হার প্রণিধানযোগ্য হারে কমাতে হবে; ৫ ডিসেম্বর ২০১০ সাল থেকে যেহেতু পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসেনি, সেহেতু মানবিক দিক বিবেচনা করে প্রত্যেক বিনিয়োগকারীর দুই লাখ টাকা পর্যন্ত লেনদেনের কর মওকুফের আবেদন; ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ২০ শতাংশ কোটা বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা; ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যাক্ট ও কাউন্সিল গঠন করে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো; বাজারের সার্বিক বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের আরোপিত সিআরআর এবং এসএলআর এর হার কমানো; প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকে বাধ্যতামূলকভাবে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির নিবন্ধন দেওয়ার দাবি; আগামীতে ধারাবাহিক রাইট ইস্যু ও আইপিও বাজারে ছাড়া বন্ধ রাখতে হবে; আত্মাহুতি দেওয়া নয়জন বিনিয়োগকারীর পরিবারকে এককালীন ১০ লাখ টাকা অনুদান দেওয়া; বাজারধসের পর প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে যে মামলা করা হয়েছে, তা প্রত্যাহার করা।