বাজেটে বিদ্যুৎ খাতে সর্বোচ্চ অগ্রাধিকারের সুপারিশ সিপিডির
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, আগামী ২০১০-১১ অর্থবছরটি হতে হবে সরকারের কর্মসূচি বাস্তবায়নের বছর। সিপিডির মতে, ২০০৯-১০ অর্থবছরে সরকার মূলত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এখন সময় এসেছে এসব প্রস্তুতির ভিত্তিতে জনগণের সামনে কর্মকাণ্ড বাস্তবায়ন করা।আজ শনিবার সকালে ঢাকায় সিপিডির নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব কথা বলা হয়। এ সময় আগামী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে দেওয়া সুপারিশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে বলা হয়, আগামী বাজেটে বিদ্যুতৎ উত্পাদন ও অবকাঠামো বিনির্মাণ হতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ সহনীয় রাখার পদক্ষেপ থাকতে হবে।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এ সময় সিপিডির গবেষক উত্তম কুমার দেব, ফাহমিদা খাতুন, খন্দকার গোলাম মোয়াজ্জেম, আনিসাতুল ফাতেমা ইউসুফ, মাসুদুর রহমান ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।