বাজেটে রাজনৈতিক বিষয় প্রাধান্য পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগামী অর্থবছরের (২০১৩-১৪) বাজেট হবে রাজনৈতিক, অর্থনৈতিক নয়। সেখানে অর্থনীতির চেয়ে রাজনৈতিক বিষয়ই প্রাধান্য পাবে। ২০১৩-১৪ সালের বাজেটে কী থাকবে, সেটা আমরা আগাম ধারণা করতে পারি। কিন্তু যেটা ধারণা করতে পারি না তা হলো, ২০১৪ সালে দেশের কপালে কী আছে।’দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও প্রথম আলো আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় এমন শঙ্কা ব্যক্ত করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলোর সম্মেলনকক্ষে এই গোলটেবিল অনুষ্ঠিত হয়।আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য দেন আইসিএবির বর্তমান সভাপতি আবদুস সালাম ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আবদুস সালাম বলেন, আগামী বাজেটে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। সেগুলো হলো করের আওতা বৃদ্ধি, সামাজিক ন্যায়পরায়ণতা ও করযোগ্য সবার যথাযথ কর আদায় নিশ্চিত করা। পাশাপাশি সঠিক ও জবাবদিহিমূলক ব্যয়ের বিষয়টিও নিশ্চিত করতে হবে।আলোচকেরা বাজেটের যথাযথ বাস্তবায়ন, অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত ও রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনকল্যাণকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেন। সেই সঙ্গে উপস্থিত সবাই একযোগে আগামী বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা সাদা করার সুযোগ না রাখার কথা বলেন। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশও করা হয়।আকবর আলি খান আরও বলেন, ‘আমাদের দেশে বাজেট সব সময় সরকারি দলের হাতিয়ার। দেশের জনগণের কল্যাণে বাজেটকে ব্যবহার করতে হলে এটির কাঠামোগত ব্যাপক পরিবর্তন দরকার। বর্তমান বাজেটে এমন সব বিষয় অন্তর্ভুক্ত, যার আর্থিক কোনো তাৎপর্য নেই। কর প্রস্তাবের আর্থিক কোনো তাৎপর্য বা তথ্য থাকে না। সংসদীয় কমিটিতে বাজেট নিয়ে কোনো আলোচনা হয় না। বিরোধী দল বছরের পর বছর সংসদে যাচ্ছে না। এ অবস্থায় সংসদে বাজেট নিয়ে কী করে আলোচনা হবে।’আকবর আলি বলেন, ‘দেশের অর্থ ব্যবস্থাপনায় এখন ক্রান্তিকাল চলছে। এমনভাবে কাজ করছি যেন আমাদের সম্পদের কোনো অভাব নেই। অথচ অর্থনীতিতে স্থানীয় ও বহিঃসম্পদের ঘাটতি রয়েছে। আমরা বিদেশ থেকে বিমান কিনছি, সমরাস্ত্র কিনছি, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করার কথা বলছি, দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের কথাও বলছি। কিন্তু এগুলো সবগুলোকে যোগ করলে আমাদের কী হবে, তা জানি না।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা কখনোই গবেষণাকে গুরুত্ব দিই না। বরাদ্দ সব সময়ই নগণ্য। কিন্তু এটি করতে না পারলে আমরা অনুৎপাদনশীল প্রকল্প মূল্যায়ন করতে পারব না।’শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ বাড়লেও আনুপাতিক হার ও শিক্ষার মান কমছে উল্লেখ করে রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষকদের বেতন আর অবকাঠামো উন্নয়নেই বরাদ্দের বেশির ভাগ ব্যয় হয়। শিক্ষার মান বাড়াতে বরাদ্দ কম। তিনি মন্তব্য করেন, স্থানীয় সরকারকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে। তাদের শক্তিশালী করা দরকার। পোশাক কারখানার শ্রমিকদের বিমা করার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জানিয়ে তিনি বলেন, এ জন্য বড়জোর ৬০০ থেকে ৭০০ কোটি টাকা লাগবে।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ৪০ বছর ধরে বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু সামান্য কিছু লোক এই সুযোগ নিয়েছেন। যাঁদের জন্য এই সুযোগ দেওয়া হয়, তাঁরা সেটি গ্রহণ করেন না। কারণ, তাঁদের আইনের আওতায় আনা যাচ্ছে না। কালোটাকা সাদা করার বিধান কর বিভাগের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তিনি বলেন, পুঁজিবাজার থেকে পদ্মা সেতুতে অর্থায়নের যুক্তি সুবিবেচনাপূর্ণ বা বাস্তবসম্মত নয়। যমুনা বহুমুখী সেতুর বন্ড ছেড়ে হয়তো কিছু অর্থ সংগ্রহ করা যেতে পারে। কিন্তু তার পরিমাণও খুব বেশি হবে না।পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা কার্যকর করতে বিশেষ পুনরর্থায়ন তহবিল গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। পাশাপাশি আর্থিক খাতের সুশাসন ও জবাবদিহির প্রয়োজনে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা অ্যাক্ট করার কথা বলেন তিনি।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, জিডিপির প্রবৃদ্ধি অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না। এ জন্য করদাতাদের উদ্বুদ্ধ করতে হবে। আবার পদ্ধতিগত জটিলতা দূর করতে হবে। তাঁর মতে, নতুন করদাতারা কিন্তু খুব বেশি কর দেবেন না। কারণ, দেশের ৪০ শতাংশ সম্পদ মাত্র ৫ শতাংশ লোকের হাতে কুক্ষিগত। তাঁরাই বেশি ফাঁকি দেন। বৃহৎ করদাতাদের একটি ফাঁকি ক্ষুদ্র ২৫ হাজার করদাতার সমান। তাই নতুন করদাতাদের আহ্বানের পাশাপাশি বড় করদাতাদের ফাঁকি বন্ধ করতে হবে। আগামী বাজেট প্রণয়ন সতর্কতার সঙ্গে করার পরামর্শ দেন তিনি। কারণ, এটি হবে তিন সরকারের বাজেট। বর্তমান, অন্তর্বর্তী ও নতুন সরকার এটি বাস্তবায়ন করবে।বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত খান বলেন, ‘চলতি বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপিতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু সেটির কোনো বাস্তবায়ন বা ভালো উদাহরণ দেখা গেল না। আমাদের বাজেট একটি সংখ্যানির্ভর বাজেট। রাজনৈতিক কারণে কোন সরকার কত বড় বাজেট ঘোষণা করল, সেটিই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া অসাংবিধানিক কাজ। প্রতিবছরই এটি করা হচ্ছে। কিন্তু নৈতিকভাবে এটি অগ্রহণযোগ্য। এর ফলে সৎভাবে যাঁরা উপার্জন করছেন, তাঁদের নিরুৎসাহিত করা হচ্ছে। আর যাঁরা অসৎ, তাঁদের পুরস্কৃত করা হচ্ছে।ইফতেখারুজ্জামান বলেন, উন্মুক্ত বাজেট সূচকে বাংলাদেশের অবস্থান ৪২তম বা মধ্যম পর্যায়ের। বাজেটের কিছু তথ্য প্রকাশ করা হয়, তবে মৌলিক কিছু তথ্য প্রকাশ করা হয় না। যেমন প্রতিরক্ষা বাজেটে কোন খাতে কত বরাদ্দ, তা বিস্তারিত থাকে না। সংসদে বাজেট নিয়ে প্রতীকী কিছু আলোচনা হয়। এর বেশির ভাগই রাজনৈতিক স্তুতি।এ ছাড়া কর ফাঁকি রোধে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার ও কর ন্যায়পাল প্রতিষ্ঠা এবং উচ্চ আয়ের লোকদের ওপর করহার বাড়ানোর প্রস্তাব করেন টিআইবির নির্বাহী পরিচালক। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সবুর খান নতুন উদ্যোক্তাদের জন্য তিন বছরের কর অবকাশ-সুবিধা দেওয়ার দাবি জানান। তিনি মন্তব্য করেন, করজাল বাড়ানো খুবই সহজ। কিন্তু সরকার কেন এটি করছে না, তা বোধগম্য নয়।আইসিএবির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজেটে মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এ জন্য শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। আইসিএবির সাবেক চেয়ারম্যান পারভীন মাহমুদ বলেন, ‘বাস্তবায়নই আমাদের বাজেটের বড় সমস্যা। তাই বাস্তবায়ন-প্রক্রিয়ার সঙ্গে পেশাদারদের যুক্ত করা যেতে পারে। আগামী বাজেটে একটি রিহ্যাব সেন্টার গড়ে তোলার ঘোষণা দেওয়ারও সুপারিশ করেন তিনি। নিরীক্ষা প্রতিষ্ঠান হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির অংশীদার এ এফ নেছারউদ্দিন বলেন, প্রকৃত করদাতারাই কর দেন। আবার তাঁরাই সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। কিন্তু যাঁরা কর দেন না, তাঁরা সমস্যায় পড়েন না। তাই কর আদায়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করলে কর আদায় বেশি হবে।আইসিএবির কাউন্সিল সদস্য আদিব হোসাইন খান বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। তাই বাজারে স্থিতিশীলতা ফেরাতে বিশেষ কোনো তহবিলের ঘোষণা দিলে তার সাময়িক প্রভাব পড়বে, দীর্ঘ মেয়াদে কোনো সুফল আসবে না।আব্দুল কাইয়ুম বলেন, রাজনৈতিক কারণে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। যার ফলে জনগণের অর্থের অপচয় হয়। তাই বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তার আগে অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।