বাজেটে শ্রমিক মজুরির বরাদ্দ রাখতে স্কপের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়ানোর জন্য আর্থিক বরাদ্দ রাখার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ (স্কপ)। সংগঠনের নেতারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলা, কর্মসংস্থান, মজুরি, রেশন, স্বাস্থ্য ও আবাসন সুবিধার জন্য এ বরাদ্দ দেওয়া প্রয়োজন।গতকাল শুক্রবার স্কপের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন দিতে যেভাবে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের মজুরি ও ভাতা দেওয়ার জন্যও বাজেটে তেমন বরাদ্দ রাখা দরকার ছিল।স্কপের বিবৃতিতে আরও বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু বাজেটে শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালুর ব্যাপারে কোনো নির্দেশনা নেই। বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর আগে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বরাদ্দ রাখার প্রয়োজন ছিল। তা ছাড়া দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ বেকার শ্রমবাজারে আসেন। তাঁদের কর্মসংস্থানের কোনো পরিকল্পনাও বাজেটে লক্ষ করা যায়নি। শিল্প খাতের উন্নয়ন ও এ খাতকে শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত ও হস্তান্তরিত বন্ধ কলকারখানাগুলো চালু, শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে স্বাক্ষর করেন—আবদুল মতিন মাস্টার, আবুল বাশার, শাহ মোহাম্মদ আবু জাফর, আবদুল কাদের হাওলাদার, মেসবাহউদ্দিন আহমেদ, ওয়াজেদুল ইসলাম খান, জাফরুল হাসান, চৌধুরী আশিকুল আলম, জাকির হোসেন, মজিবর রহমান ভূঁইয়া, মামুনুর রশিদ চৌধুরী, শাফিকুর রহমান মজুমদার ও রাজেকুজ্জামান। বিজ্ঞপ্তি।