বাজেটের অর্থ যেন নির্বাচনের কাজে ব্যয় না হয়: আকবর আলি খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বাজেটের অর্থ যেন নির্বাচনের কাজে ব্যয় না হয়। নির্বাচন কমিশন দিকনির্দেশনামূলক ভূমিকা না নিলে ক্ষমতাসীন সরকার বাজেটের টাকা নির্বাচনী কাজে ব্যয় করে ফেলতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সমুন্নয় আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট ২০১৩-১৪ কেমন হলো: একটি সমুন্নয় পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান এ কথা বলেন। আকবর আলি খান বলেন, ‘বাজেট কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ। বলা হয়, “নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেসেনটেশন”। কিন্তু জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দল অনুপস্থিত ছিল। সরকারি দল গত্বাঁধা একটা বাজেট উপস্থাপন করেছে। আমরা এখনো আশা করি সংসদে সব দল তাদের অবদান রাখবে।’বাজেট উপস্থাপন-পদ্ধতির সমালোচনা করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘পাটের বস্তায় করে বাজেটের নথি দেওয়া হলো, কিন্তু কোথায় নতুন করে কর বসল, জানতে পারলাম না।’ তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের ঘাটতি ২৮ হাজার কোটি টাকা। এই ঘাটতি কোথা থেকে পূরণ হবে, সেটা বলা হয়নি। গুঁড়ো দুধ, নিউজপ্রিন্টের ওপর শুল্ক বাড়িয়ে এই ঘাটতির কতটা পূরণ করা হচ্ছে, তা-ও বলা হয়নি।’ আকবর আলি খান বলেন, বাংলাদেশে বাজেট প্রণয়ন ও উপস্থাপনে সংসদীয় স্থায়ী কমিটির কিছু করার থাকে না। এই পদ্ধতির পরিবর্তন হওয়া দরকার। ভারতে বাজেট প্রণয়নের পর সংসদীয় স্থায়ী কমিটি দিন দশেক সময় পায়। তারা শুনানির আয়োজন করে। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের চাহিদা-জোগান তুলে ধরে। বাংলাদেশে এই ব্যবস্থা চালু হওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। পরিসংখ্যান ব্যুরোকে স্বাধীনভাবে চলতে দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন আকবর আলি খান। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বিবিএসের পরিসংখ্যান মানেন না। এখন সিপিডি অর্থমন্ত্রীর কথা না মানলে সমস্যা কী? সংখ্যাতাত্ত্বিক রাজনীতি দেশের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। বিবিএসকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত।’অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমুন্নয়ের ইমেরিটস ফেলো ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ ফ্ল্যাট-প্লট কেনায় কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, কোনো একটি বিশেষ চক্রের প্রভাবে বাজেটে এই ব্যবস্থা রাখা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সময় এ সুযোগকে কাজে লাগিয়ে প্লট-ফ্ল্যাটের দাম তিনগুণ পর্যন্ত বাড়ানো হয়েছিল বলে তিনি জানান। সমুন্নয়ের গবেষণা সমন্বয়ক দিলরুবা ইয়াসমীন চৌধুরী বলেন, বাজেটে নিম্নবিত্ত ও উচ্চবিত্ত উভয়কেই স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাজেটে উচ্চবিত্তকে চাপে রেখে আরও দরিদ্রবান্ধব পরিকল্পনা প্রণয়ন করা যেত।