বাজেটের আগে বাজেট ঘোষণা অসাংবিধানিক
বাজেটের আগে বাজেট ঘোষণা অসাংবিধানিক ও গণতন্ত্র পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ’ এ আলোচনা সভার আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বাজেট দেওয়াই হলো না, এর আগেই “বিকল্প বাজেট”। এটি গণতন্ত্র পরিপন্থী। এটি উদ্ভট, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। তারা গণতন্ত্র নস্যাত্ করার জন্যই এ ষড়যন্ত্র করছে।’এমন ব্যবস্থা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নেই দাবি করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘সাংবিধানিকভাবে বাজেট ঘোষণার অধিকার একমাত্র সরকারি দলেরই।’ ‘এ বাজেট নির্বাচনী বাজেট’—খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, ‘এটা তিনি (খালেদা জিয়া) বুঝলেন কীভাবে? যে বাজেট এখনো ঘোষণাই হলো না, কীভাবে তিনি জানলেন যে এটা জনগণের উন্নয়নের বাজেট নয়, নির্বাচনী বাজেট।’ বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘৭ জুন বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণার পরে সে বিষয়ে সংসদে আলোচনা হবে। আপনারা সংসদে আসুন, সে আলোচনায় অংশ নিন। “বিএনপির রাজনীতি দেউলিয়াত্তপনায় ভুগছে” বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। বাসস।