বাজেটের আগেই গরিব মানুষের ওপর কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় নিচ্ছে ২০১০-১১ অর্থবছর। এই অর্থবছরে দেশের দেড় শতাংশের বেশি মানুষ আবারও দরিদ্রের খাতায় নাম লিখিয়েছে। এর অর্থ হচ্ছে, নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ২৫ লাখেরও বেশি মানুষ। উচ্চ মূল্যস্ফীতিই এর একমাত্র কারণ।বিশ্বব্যাংক দরিদ্র জনসংখ্যা বেশি এমন ২৮টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। ২৮টি দেশের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের তুলনায় দারিদ্র্য বেশি বেড়েছে মাত্র দুটি দেশে, পাকিস্তান ও তাজিকিস্তানে।এ রকম এক অর্থবছর শেষ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন ২০১১-১২ অর্থবছরের বাজেট পেশ করবেন ৯ জুন। চলতি অর্থবছরের জন্য অর্থমন্ত্রী এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা ব্যয়ের বাজেট তৈরি করেছিলেন। এই অর্থের বড় অংশ ব্যয় করেও দরিদ্র মানুষের আরও নিচে নেমে যাওয়া ঠেকানো যায়নি।অর্থমন্ত্রী নতুন অর্থবছরে প্রায় এক লাখ ৬০ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছেন। এর মধ্যে ৪৬ হাজার কোটি টাকাই উন্নয়ন ব্যয়। এত বড় বাজেট তৈরি করেও আত্মপ্রসাদের সুযোগ পাচ্ছেন না তিনি। এমনকি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির হারও সদাহাস্যময় অর্থমন্ত্রীকে হয়তো অতটা স্বস্তি দেবে না। বরং বলা যায়, আবুল মাল আবদুল মুহিতকে এবারই সবচেয়ে কঠিন সংকটের মধ্যে বাজেট দিতে হচ্ছে। কেননা, মূল্যস্ফীতি সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকেই কঠিন প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে।এ যেন বাজেট ঘোষণার আগেই কর বসিয়েছেন অর্থমন্ত্রী। এই কর আবার সবাইকে দিতে হচ্ছে না। দিচ্ছে কেবল দেশের গরিব মানুষেরা। মূল্যস্ফীতিকে তাত্ত্বিকভাবেই বলা হয় এমন একটি বৈষম্যমূলক কর, যা কেবল দরিদ্র মানুষেরই দিতে হয়। সংকট আরও তীব্র হয়, যখন প্রতি মাসেই মূল্যস্ফীতি করের পরিমাণ বাড়তে থাকে। পরিস্থিতি এখন এ রকমই। মূল্যস্ফীতিই হচ্ছে গরিব মানুষদের জীবনযাপনের সবচেয়ে বড় অর্থনৈতিক শত্রু।সামগ্রিক অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো ম্যাজিক সমাধান নেই। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা ও যোগ্যতা দিয়েই তা মোকাবিলা করতে হবে। তিনি বলেন, চলতি অর্থবছরের অভিজ্ঞতা হলো, খাদ্য উৎপাদন বৃদ্ধি, খোলা বাজারে চাল বিক্রি, অসুবিধায় থাকা জনগোষ্ঠীকে বিনা মূল্যে খাদ্য বিতরণ করেও বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়নি। সুতরাং নতুন অর্থবছরের মূল লক্ষ্য হতে হবে কর্মসংস্থান বৃদ্ধি। কেননা আয় বৃদ্ধি করে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ জন্য বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।দাপিয়ে বেড়াচ্ছে পাগলা ঘোড়া: পুঁজিবাজারে যদি থাকে তেজি ষাঁড়, তাহলে জনজীবনে আছে পাগলা ঘোড়া। মূল্যস্ফীতির পাগলা ঘোড়া এখন দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে। এর প্রভাব পড়েছে দেশেও। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে স্থিতিশীল রেখে তা ক্রমান্বয়ে কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণের ধারেকাছেও নেই মূল্যস্ফীতির এখনকার হার।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষে এপ্রিল মাসের ভোক্তা মূল্যসূচক প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার হয়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ। আগের মাস অর্থাৎ মার্চে তা ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে চলমান গড়ে গত এপ্রিলে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। উন্নত দেশে খাদ্য-বহির্ভূত বিভিন্ন খাতে খরচ বেশি। কিন্তু দরিদ্র দেশগুলোতে আয়ের বেশি অংশই ব্যয় হয় খাদ্য কিনতে। ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে খাদ্যপণ্যের দামের ওপরই নির্ভর করে মূল্যস্ফীতির ওঠানামা। খাদ্যসূচকে মূল্যস্ফীতির হার এখন আতঙ্কজনক পর্যায়ে চলে গেছে। গত এপ্রিলে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। আগের মাস মার্চে তা ছিল ১৩ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি এখন মাত্র ৩ দশমিক ৯৭ শতাংশ, গত মার্চেও যা ছিল ৪ দশমিক ৩২ শতাংশ।ব্যবধান বেড়েছে শহর ও গ্রামের মধ্যেও। গ্রামে দরিদ্র্য মানুষের সংখ্যা বেশি, মূল্যস্ফীতির চাপও পল্লি অঞ্চলে বেশি। গত এপ্রিলে পল্লি অঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে খাদ্যসূচকে ১৫ দশমিক ৩৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত সূচকে ৩ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে, শহর এলাকায় এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। এ ক্ষেত্রে খাদ্যসূচকে ১২ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত সূচকে ৪ দশমিক ১৮ শতাংশ।এর আগে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে, তত্বাবধায়ক সরকারের সময়ে। সে সময় মূল্যস্ফীতি ঘটেছিল ১১ দশমিক ৫৯ শতাংশ। আওয়ামী লীগের নেতৃত্বে জোট সরকারের ক্ষমতা নেওয়ার সময় ২০০৯ সালের জানুয়ারি মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ০৬ শতাংশ। ছয় মাসের মধ্যে এই হার ২ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছিল। এর পর থেকেই নিয়ন্ত্রণ হারায় মূল্যস্ফীতি। যদিও নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের প্রথম অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। বলা হয়েছিল, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে।’বাজেটের আগেই কর: গরিব মানুষের জন্য সর্বশেষ ধার্য হওয়া করের হার ১০ দশমিক ৬৭ শতাংশ। এর অর্থ হচ্ছে, আগে যে পণ্য কিনতে ১০০ টাকার প্রয়োজন হতো, সেই একই পণ্য কিনতে এখন দরকার পড়বে ১১০ টাকা ৬৭ পয়সা। একজন মানুষের এই পরিমাণ আয় যদি না বাড়ে, তাহলে তাকে এখন আগের তুলনায় কম পণ্য কিনতে হবে। তখন দুই বেলা পেট পুরে খাওয়ার পরিবর্তে কম খেয়ে টিকে থাকার চেষ্টা চালায় সীমিত আয়ের দরিদ্র মানুষ। পরিসংখ্যান ব্যুরোর ২০০৫ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বেশির ভাগ মানুষের দৈনিক আয়ের ৬০ থেকে ৬৫ শতাংশ ব্যয় হয় খাদ্য কেনায়। এর মধ্যে কেবল চালই কিনতে হয় ৩৩ শতাংশ আয় দিয়ে। সুতরাং চালের দাম বাড়লে এই জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায়, দরিদ্রতা বাড়ে। উচ্চ মূল্যস্ফীতি আয়-বৈষম্য বাড়ার পেছনেও অনুঘটক হিসেবে কাজ করে।অর্থনীতিবিদেরা মনে করেন, অর্থনীতির জন্য কিছুটা মূল্যস্ফীতি থাকা ভালো হলেও এর হার ১০ শতাংশ ছাড়িয়ে গেলে তা দরিদ্র মানুষকে চরম কষ্ট দেয়। কারণ, এসব মানুষের আয় একই হারে বাড়ে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করে, মূল্যস্ফীতি ৮ শতাংশ ছাড়িয়ে যাওয়াটাই বিপজ্জনক। সেই বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছে বাংলাদেশ। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।বেড়েছে দারিদ্র্য: দ্রব্যমূল্যের প্রভাব নিয়ে পরিচালিত বিশ্বব্যাংকের সমীক্ষাটির নাম ‘এস্টিমেটিং দি শর্ট-রান পোভার্টি ইমপ্যাক্টস অব দ্য ২০১০-১১ সার্জ ইন ফুড প্রাইসেস’। মূলত ২০১০ সালের জুন থেকে ডিসেম্বর সময়ের খাদ্যমূল বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করেছে এই আন্তর্জাতিক দাতা সংস্থাটি।বিশ্বব্যাংকের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে এমন একটি জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা উদ্বৃত্ত খাদ্যপণ্য বিক্রি করে। এ ধরনের মানুষ খাদ্যপণ্যের দাম বাড়লে দারিদ্র্যসীমার নিচে আর থাকে না। ২০১০-১১ সময়ে বাংলাদেশের দশমিক ৪৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হতে পেরেছে। তবে বাংলাদেশে খাদ্য বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি। এ কারণে খাদ্যপণ্যের দাম বাড়ায় নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ২ দশমিক ০৮ শতাংশ মানুষ। ফলে সার্বিকভাবে দারিদ্র্যের খাতায় নতুন করে লেখা হলো ১ দশমিক ৫৯ শতাংশ মানুষের নাম। অন্যান্য দেশের মধ্যে তাজিকিস্তানের পরিস্থিতি সবচেয়ে খারাপ। এ দেশটির ৩ দশমিক ৬২ শতাংশ মানুষ এবং পাকিস্তানের ১ দশমিক ৯২ শতাংশ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এর পরই বাংলাদেশের অবস্থান। দিনে যারা এক ডলার ২৫ সেন্টের নিচে (প্রায় ৯৩ টাকা) আয় করে, তাদেরই এ তালিকায় রাখা হয়েছে। বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে নিত্যপণ্যের মধ্যে চালের দাম বেড়েছে ১৯ শতাংশ এবং গমের দাম ৪৫ শতাংশ। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দর বাড়ায় দ্রুত এর প্রভাব পড়েছে বাংলাদেশে। বিশ্বব্যাংকের এই সমীক্ষা বাজেট পেশের আগে অনেকখানিই অস্বস্তিতে ফেলে দেবে অর্থমন্ত্রীকে। কেননা, বিবিএস বলছে, এবার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৬৬ শতাংশ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রবৃদ্ধি বাড়লে দারিদ্র্যের হারও কমে। কিন্তু মূল্যস্ফীতি প্রবৃদ্ধির সুফলকে নষ্ট করে দিচ্ছে। অর্থনীতির নীরব ঘাতক: প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচনের পূর্বশর্ত হচ্ছে সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করা। আর এই স্থিতিশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এটা না থাকলে উদ্যোক্তাদের বিনিয়োগ করার আকাঙ্ক্ষা কমে যায়, সঞ্চয়-প্রবণতা হ্রাস পায়, মানুষের প্রকৃত আয়ও কমে যায়। উচ্চ মূল্যস্ফীতি সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে।দরিদ্র জনগোষ্ঠীকে কম দামে চাল দিতে দীর্ঘ সময় ধরে সরকার খোলা বাজারে চাল বিক্রি করছে। এর ফলে ভর্তুকির পরিমাণ বাড়ছে। বিশ্ববাজারে দাম বাড়ায় সারের ভর্তুকি বেড়েছে প্রায় ৫০ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় বেশি খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। এতেও আমদানি ব্যয়ের ওপর চাপ পড়ছে। সব মিলিয়ে বলা যায়, মূল্যস্ফীতি রোগ সংক্রমণ করছে সামগ্রিক অর্থনীতিকে।সারা বিশ্বেই এখন মূল্যস্ফীতির চাপ ছড়িয়ে পড়েছে। পাশের দেশ ভারতের মূল্যস্ফীতি এখন সাড়ে ৮ শতাংশের বেশি। চীনে প্রায় সাড়ে ৫ শতাংশ। আর পাকিস্তানে ১৩ শতাংশ। এর মধ্যে চীন ও ভারতের সব ধরনের অর্থনৈতিক নীতির মূল লক্ষ্যই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা। আর বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেও মুদ্রা সরবরাহ বাড়ানো হয়েছে প্রায় ৩০ শতাংশ। মুদ্রা সরবরাহ কমিয়ে আনার পদক্ষেপ নিতেই ব্যবসায়ীদের চাপের মধ্যে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবার পুঁজিবাজারের খেলোয়াড়েরা এখন চাপ দিচ্ছে আরও অর্থ সরবরাহ বাড়াতে। এ রকম এক পরিস্থিতিতে নতুন বাজেট কতখানি স্বস্তি আনবে, সেটাই এখন বড় প্রশ্ন।