বাজেটের কর প্রস্তাব দরিদ্র মানুষের ভোগান্তি বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-২০১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে একই সঙ্গে অপ্রতুল ও উচ্চাভিলাষী বলেছে বিএনপি। প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ মন্তব্য করেন।এম কে আনোয়ার বলেন, জনগণের চাহিদার তুলনায় বাজেটের আকার অপ্রতুল। তবে বাস্তবায়নের ক্ষমতা অনুযায়ী এটা উচ্চাভিলাষী। সরকার এ বাজেট বাস্তবায়ন করতে পারবে না। গতকাল সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাজেট নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন এম কে আনোয়ার। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে করের আওতা যেভাবে বাড়ানো হয়েছে, তাতে দরিদ্র মানুষের ভোগান্তি বাড়বে।গত ১০ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেদিন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও বিএনপির অবস্থান পরে তুলে ধরা হবে বলে জানিয়েছিলেন। গতকাল বিএনপির সেই অবস্থানই তুলে ধরা হয়। এ সময় বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য, জনশক্তি রপ্তানি, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন এম কে আনোয়ার।এম কে আনোয়ার বলেন, প্রস্তাবিত বাজেট কথার ফুলঝুরি মাত্র। এটা অনেকটা সুলিখিত রূপকথার মতো। এতে স্বপ্ন আর কল্পনার আবেগ আছে। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে সমস্যা সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা নেই। তিনি বলেন, অর্থমন্ত্রীর বাজেট-বক্তৃতার স্তরে স্তরে বিএনপি সম্পর্কে অসত্য তথ্য দেওয়া হয়েছে।এম কে আনোয়ার আরও বলেন, এ বাজেটে দুর্নীতিবাজেরা আরও প্রশ্রয় পাবে, সৎ করদাতারা নিরুৎসাহিত হবে। এ বাজেটে কালো টাকা সাদা করা নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবারের বাজেটে প্রবৃদ্ধির পরিসংখ্যানে হেরফের ঘটানো হয়েছে। পরিসংখ্যান ব্যুরো প্রাক্কলিত কৃষি, শিল্প, ও আমদানি শুল্ক খাতের প্রবৃদ্ধি অর্থ মন্ত্রণালয় গ্রহণ না করে তা বাড়িয়ে দিয়েছে।বিএনপির এই নেতা বলেন, সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় বিনা দরপত্রে বিদ্যুৎ কেনার চুক্তি করছে। এসব চুক্তির মাধ্যমে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না। এতে দলীয় লোকজন সরকারি সম্পদ লুটপাটে মেতে উঠবে। তিনি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ যে ওয়াদা করেছিল, প্রস্তাবিত বাজেটে তার একটি ছাড়া বাকি প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিশ্রুতি নেই। উল্টো প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের সম্পদের হিসাব দেওয়ার অঙ্গীকার থেকেও সরকার সরে এসেছে।সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার নতুন করে আরও ৩২টি পণ্যের ওপর নতুন করে কর আরোপ করেছে। এর প্রভাব দেশের দরিদ্র মানুষের ওপর পড়বে এবং দরিদ্ররা আরও দরিদ্র হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, সংসদে যাওয়ার পরিবেশ না থাকায় তাঁরা জনগণের স্বার্থেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সরকারি দলের আচরণ পরিবর্তিত হলে বিএনপি সংসদে যাবে।অন্য এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু বলেন, বাজেটের মূল মন্ত্র থেকে সরে গিয়ে সরকার দরিদ্র জনগোষ্ঠীর ওপর বেশি কর আরোপ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।