বাজেটের কিছু প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-২০১২ অর্থবছরের বাজেট সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে অর্থমন্ত্রীর বাজেট শেষে এক সংবাদ সম্মেলনে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এ মন্তব্য করেন।এ কে আজাদ বলেন, ‘অর্থমন্ত্রীর বেশ কিছু প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। তবে রপ্তানিশিল্পে উত্সকর বাড়ানোটা সম্পূর্ণ অপ্রত্যাশিত।’ এ ছাড়া কিছু বিষয় আগের অবস্থায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।সংবাদ সম্মেলনে এ কে আজাদ বলেন, রপ্তানিশিল্পের ক্ষেত্রে উত্সকর দশমিক ৪০ থেকে দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত। এটা আগের অবস্থায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্যথায়, এর বিরূপ প্রভাব পড়বে এবং রপ্তানিকারকেরা নিরুত্সাহিত হবেন। তিনি আরও বলেন, শিল্পে যথাযথ বিনিয়োগ করতে পারলে জিডিপির ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।এ কে আজাদ বলেন, ‘ঘোষিত বাজেটে টিউবলাইটের ওপর থেকে শুল্ক হ্রাস করা হয়েছে, এর পাশাপাশি রপ্তানিশিল্পকে উত্সাহিত করার জন্য বিকাশমান ফার্নিচার-শিল্পকে উত্সাহিত করতে এবং আমদানি নিরুত্সাহিত করতে ফার্নিচারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, একই সঙ্গে দেশীয় ফার্নিচার-শিল্পের জন্য গুণগতমান নিশ্চিত করতে প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করতে পার্টিকেল বোর্ড ও এমডিএফ বোর্ডের ওপর আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এগুলো ভালো দিক। তাই আমরা এগুলোকে স্বাগত জানাই।’পুরোনো মোটরগাড়ি শুল্কায়নের ক্ষেত্রে ২০১০-১১ অর্থবছরের বাজেটে প্রবর্তিত ২৫ শতাংশ ফ্ল্যাট রেট অবচয়-সুবিধা এবং ১০ শতাংশ ডিলার্স কমিশন অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে এবং পুরোনো গাড়ির আমদানিকে নিরুত্সাহিত করতে এ সুবিধা চার বছরের পরিবর্তে তিন বছর করার প্রস্তাব করা হয়েছে। এটা আগের অবস্থায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।সিকেডি মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহারসহ বর্তমানে প্রযোজ্য ৩০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা এবং দেশীয় মুদ্রণশিল্পকে সহায়তার জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মুদ্রিত পাঠ্যপুস্তকের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।এ ছাড়া কটন ওয়েস্টের ক্ষেত্রে শুল্ক হ্রাসের প্রস্তাব এবং কটন আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহার ও ট্রেড ফ্যাসিলিটির অংশ হিসেবে বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছরের স্থলে দুই বছর করায় স্বাগত জানান তিনি।এদিকে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন নম্বর বাধ্যতামূলক না করার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক শামসুল হক, হারুন উর রশিদ, নজিবুর রহমান, নজিবুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।