সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম
বাজেটের পর মহিউদ্দিনের পক্ষে নামবেন আ.লীগের সাংসদেরা
বাজেট ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগের স্থানীয় সাংসদেরা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে একযোগে প্রচার-গণসংযোগে নামবেন বলে ‘ঐক্য মিশনের’ নেতারা জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার সংসদে বাজেট ঘোষণা করা হবে। তাই সাংসদেরা ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।দলীয় সূত্র জানায়, সাংসদ মোশাররফ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু, নুরুল ইসলাম ও এম এ লতিফকে বাজেট ঘোষণার পরদিন থেকে মাঠে নামার জন্য অনুরোধ করা হয়েছে। অবশ্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংসদ লতিফ গত শনিবার বিকেলেই মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারকাজে অংশ নিয়েছিলেন।এ ছাড়া দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বিপক্ষে কাজ করছেন কিংবা নীরব আছেন—আওয়ামী লীগের এমন নেতাদেরও শনাক্ত করা হচ্ছে বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে—কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে এমন ইঙ্গিত দিয়েছেন বলে স্থানীয় একাধিক নেতা জানিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যে আওয়ামী লীগের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা চট্টগ্রামে আসার কথা রয়েছে। মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল সম্প্রতি চট্টগ্রাম সফর করে। তাদের তিন দিনের এ সফর ‘ঐক্য মিশন’ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিতি পায়। কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে গিয়ে প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী, সাংসদ এম এ লতিফ, আইনজীবী রানা দাশগুপ্ত এবং কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন। ওই প্রতিনিধিদলের সদস্য পঙ্কজ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘বাজেট অধিবেশনের কারণে স্থানীয় সাংসদদের ১০ জুনের আগে প্রচারকাজে পাচ্ছি না। বাজেট পেশের পরদিন তাঁরা মাঠে নামতে পারেন। ভবিষ্যৎ রাজনীতির কথা বিবেচনা করেই তাঁদের মাঠে নামতে হবে।’ ঐক্য মিশনের একাধিক নেতা বলেন, মহিউদ্দিনের সঙ্গে তৃণমূল নেতাদের এখন আর কোনো দূরত্ব নেই। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। কর্মী-সমর্থকদের আরও সংগঠিত করতে ঢাকা থেকে অনেক দলীয় ও পেশাজীবী সংগঠনের নেতারা চট্টগ্রামে যাবেন। গণসংযোগ: চট্টগ্রাম নগরকে পরিচ্ছন্ন রাখা আর শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করে গণসংযোগ চালাচ্ছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি গতকাল সোমবার দুপুরে নন্দনকাননের নাগরিক কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালা আমরা পুরোপুরি মেনে চলছি। ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে।’মহিউদ্দিন চৌধুরী গতকাল চট্টগ্রাম আদালত ভবন এলাকা ও সমুদ্র-উপকূলবর্তী দক্ষিণ কাট্টলী, জেলেপাড়া, নাথপাড়া, মহাজনপাড়া ও দুর্গাপাড়ায় গণসংযোগ করেন।