পেনশন ও পরিবার সঞ্চয়পত্র করমুক্ত, গাড়ির শুল্ক আগের মতোই
বাজেটের ৩১টি সংশোধন, প্রস্তাবিত কর প্রত্যাহার
বেশ কিছু ক্ষেত্রে শুল্ক, আয়কর, ভ্যাট প্রত্যাহারের মধ্য দিয়ে জাতীয় সংসদে আগামী ২০১০-১১ অর্থবছরে সরকারের রাজস্ব আয়সংক্রান্ত অর্থবিল পাস হয়েছে। আজ বুধবার প্রস্তাবিত বাজেট পাস হবে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল মঙ্গলবার সংশোধিত অর্থবিলটি পাস হয়। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাঁর বক্তব্যে ১৪টি ক্ষেত্রে কর প্রত্যাহার বা কমানোর প্রস্তাব করেন। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে বলেন, ‘এগুলো বিবেচিত ও গৃহীত হয়েছে।’ এগুলোসহ সব মিলিয়ে ৩১টি সংশোধনীসংবলিত অর্থবিল সংসদে পাস করা হয়।এর ফলে পরিবার (মহিলাদের জন্য) ও পেনশনভোগীদের সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশের কর প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যেকোনো সঞ্চয়পত্র কিনলে তার মুনাফার ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে। তবে অনুমোদিত কোনো তহবিল দিয়ে প্রতিষ্ঠান কর্তৃক সঞ্চয়পত্র কিনলে তার ওপর কোনো কর প্রযোজ্য হবে না। বাজেটে সব ধরনের রপ্তানির ক্ষেত্রে আয়ের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। গতকাল তা সংশোধন করে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের সদস্যদের আয়ের ওপর ১০ পয়সা হারে কর ধার্যের প্রস্তাব ছিল অর্থমন্ত্রীর। এটি সংশোধন করে ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় শিল্প প্রতিরক্ষণ হিসেবে ভ্যাকসিন উৎপাদনের ওপর প্রস্তাবিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে।এক হাজার ৫০১ থেকে দুই হাজার সিসি ক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য পৃথক স্তর করে অর্থমন্ত্রী এসব গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়ে ৪৫ শতাংশের প্রস্তাব দিয়েছিলেন। গতকাল সংশোধিত অর্থবিলে এই স্তর অবলোপন করা হয়েছে। অর্থাৎ এক হাজার ৫০১ সিসি থেকে দুই হাজার সিসি ক্ষমতাসম্পন্ন গাড়ি আমদানিতে চলতি অর্থবছরের ন্যায় ১০০ শতাংশ সম্পূরক শুল্ক থাকছে।স্থানীয় শিল্পকে সংরক্ষণ করতে বিদেশ থেকে বাল্ক গুঁড়ো দুধ আমদানির ওপর ৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে এ ক্ষেত্রে কোনো প্রতিরক্ষণ ছিল না।বিদেশি খেজুর আমদানির ওপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। গতকাল তা সংশোধন করে প্রত্যাহার করা হয়েছে। চিনি আমদানির ক্ষেত্রে অপরিশোধিত চিনিতে প্রতি টনে দুই হাজার টাকা ও পরিশোধিত চিনিতে চার হাজার টাকা শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তিনি গতকাল সংসদকে জানান, চিনির ওপর শুল্ক আগামী ঈদের পর বসানোর কথা। সে সময় করণীয় ঠিক করা হবে।হেয়ারিং এইডের (শ্রবণযন্ত্র) ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর শতকরা তিন ভাগ থেকে দুই ভাগ করা হয়েছে। আগে এটি ছিল দেড় শতাংশ।অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বাজেটের দার্শনিক দিক তুলে ধরে বলেন, ‘অনেকে বলেছেন বাজেটে উদ্ভাবনী কিছু নেই। একেবারেই কিছু নেই, ঠিক না। কিছু আছে।’ অর্থমন্ত্রী প্রবৃদ্ধির হার নিয়ে বিতর্কের বিষয়টি সংসদে খণ্ডন করে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভুল করেছিল। ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে হিসাব করে ৫ দশমিক ৫ প্রবৃদ্ধি হিসাব করে। কিন্তু তিনি ও কৃষিমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বললে ভুলটি স্বীকার করে প্রবৃদ্ধির হিসাব সংশোধন করছে।মূল্যস্ফীতি নিয়ে নিজের সংশয়ের কথাও সংসদকে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে একটু চিন্তিত আছি আমি, কারণ বিশ্ববাজার। মন্দার পর বিভিন্ন দেশে বিনিয়োগ বেড়েছে। জ্বালানি তেলের দাম নিয়ে শঙ্কিত। ভোজ্যতেলের দাম ঠিকই আছে। দুধের দাম কী কারণে বেড়েছে জানি না। চিনি, লবণ, ধান, ডাল উৎপাদন দেশেই ভালো হয়েছে।’বিদ্যুৎ খাত নিয়ে পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালেই এক হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প হবে। এগুলো এলে ভাড়াভিত্তিক বিদ্যুতে যে বেশি খরচ, তা লাগবে না।আবুল মাল আবদুল মুহিত জানান, তাঁর বাজেটের ভিত্তি হলো তিনটি— মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা। অর্থমন্ত্রী রেলওয়েকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, রেলওয়েসহ যোগাযোগব্যবস্থায় করণীয় নিয়ে তিনি শিগগির যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। অর্থমন্ত্রী আরও বলেন, জাহাজশিল্প, বস্ত্র খাত—এগুলোতেও শিগগিরই মনোযোগ দেবেন। এসবের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন। তাঁর ভাষায়, ‘দারিদ্র্য বিমোচন করতে হবে আমাদের স্বার্থে, দারিদ্র্যের স্বার্থে নয়। আমারও স্বার্থ আছে।’ তিনি বলেন, চাহিদা বাড়াতে হবে। ১৫ কোটি মানুষের দেশে সাড়ে তিন কোটি মানুষের বাজার আছে। এটা ১০ কোটিতে নিয়ে যেতে পারলে দেখবেন কী পরিমাণ বাজার হয়।