বাঞ্ছারামপুরে নির্যাতিতাকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফতোয়া ও শরিয়ার নামে নির্যাতিত এক মেয়ের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আদালতের নির্দেশ অনুযায়ী আজ বুধবার সকালে নির্যাতিতা মেয়েটি ও তাঁর মাকে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির করা হয়। ওসির তত্ত্বাবধানে তাঁদের নিয়ে আসা হয়। বিচারকাজ শুরুর আগে বিচারপতিদের খাসকামরায় নির্যাতিতা মেয়েটি ও তাঁর মায়ের বক্তব্য শোনেন আদালত। পরে আদালত জানান, নির্যাতিতা মেয়ে ও তাঁর মা ঘটনার আংশিক সত্যতা নিশ্চিত করেছেন। তাঁদের দেওয়া বক্তব্য আদালতের রায়ে প্রতিফলিত হবে বলে আদালত জানান। পাশাপাশি আদালত ওই মেয়ে ও মাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে নির্দেশ দেন।আদালত এর আগে জারি করা রুলের শুনানির জন্য প্রস্তুত হয়েছে কি না, তা কালের মধ্যে জানাতেও নির্দেশ দেন। জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদন এসে পৌঁছেছে কি না, তাও আদালতকে অবহিত করতে বলা হয়। ওই মেয়ে ও মা ১২টার দিকে এজলাস ত্যাগ করেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, আদালত নির্যাতিত মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়াসহ ওই পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওসিকে নির্দেশ দিয়েছেন।এর আগে ২৪ মে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন একই আদালত। একই সঙ্গে বিচারবহির্ভূত শাস্তি প্রদান নিরুত্সাহিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন পর্যায়ের পাঠ্যসূচিতে প্রবন্ধ ও অন্যান্য শিক্ষাবিষয়ক উপকরণ অন্তর্ভুক্তির নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, ধর্মসচিব, সংস্কৃতিসচিব, পুলিশের মহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাঞ্ছারামপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়।‘বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪’ শিরোনামে গত ২২ মে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এর অনুলিপি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাই সজীব রিটটি দায়ের করেন।