বাটেক্সপোতে আইয়ুব বাচ্চু
আবারও সূচনা সংগীতে কাজ করলেন আইয়ুব বাচ্চু। এবারের সূচনা সংগীতটি বাটেক্সপো-২০১১ অনুষ্ঠান উপলক্ষে। জানা গেছে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের যাত্রা লগ্ন থেকে বিশ্বব্যাপী এ দেশের পোশাকের যে চাহিদা তার ব্যাপ্তি তুলে ধরতে বিজিএমইএ এ সূচনা সংগীতটি তৈরি করেছেন। গানটির শিরোনাম হচ্ছে, ‘কোটি জনতার বাংলাদেশ স্বপ্ন দেখে, বিজয়ের নিশান উড়ছে দেখো পৃথিবীর বুকে, আমাদের সম্ভাবনা আছে লুকিয়ে গর্ভে, পোশাক শিল্পের নব যাত্রার উত্সবে।’ সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন আইয়ুব বাচ্চু। এতে তাঁর সঙ্গে আরও গেয়েছেন আতিক হাসান, আরিফ, কণা ও মিমি।আইয়ুব বাচ্চু বলেন, ‘আমি সাধারণত সূচনা সংগীতের কাজ করি না। ভালো বিষয়বস্তুগুলোই আমাকে বেশি আগ্রহী করে। আমার বিশ্বাস এই গানটি সবার ভালো লাগবে।’ আয়োজক সূত্রে জানা গেছে, সূচনা সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এবারের বাটেক্সপো ২০১১-এর যাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে।দুই দিনব্যাপী বাটেক্সপো নাইটের শুরুতেই দেশীয় শিল্পীদের অংশগ্রহণ ও জমকালো নৃত্যের কোরিওগ্রাফিতে থিম সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে।এবারের বাটেক্সপো ২০১১-এর প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম।