বাড়ি ফিরছেন প্রিন্স হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছেন ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি। গতকাল সোমবার তিনি বাড়ির উদ্দেশে আফগানিস্তান ছেড়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আফগানিস্তানে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অ্যাপাচি হেলিকপ্টারের চালক হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করেন প্রিন্স হ্যারি। এর আগে ২০০৭ থেকে ২০০৮ সালে আফগানিস্তানে তিনি প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন।গতকাল আফগানিস্তান ছাড়ার আগে একদল সাংবাদিককে সাক্ষাত্কার নেওয়ার সুযোগ দেন প্রিন্স হ্যারি। এ সময় আফগানিস্তানে তাঁর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন করা হয় তাঁকে। এক প্রশ্নের জবাবে ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্য জানান, অ্যাপাচি হেলিকপ্টারের চালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রথমবারের মতো আকাশপথে হামলা চালিয়ে একজন তালেবান নেতাকে হত্যা করেছেন। আরেক প্রশ্নের জবাবে হ্যারি বলেন, ‘আমার বাবা সব সময় আমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন যে, আমি একজন সেনা বৈ অন্য কিছু নই। আমি যখন সেনাবাহিনীতে থাকি, তখন বিষয়টি ভুলে যাওয়া একম সহজ। কারণ সবাই একই পোশাক পরি আর একই কাজ করি।’