বাড্ডা থেকে ১৮ লাখ টাকা ছিনতাই
রাজধানীর বাড্ডা থানার প্রগতি সরণি এলাকা থেকে আকিজ গ্রুপের পরিবেশক প্রতিষ্ঠান জেআর করপোরেশনের ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে ছিনতাইকারীরা করপোরেশনের স্টোরকিপার মাইনুল হককে গুলি করে ওই টাকা ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীরা প্রতিষ্ঠানের আরও দুই কর্মী নাদিম ও মারুফকে মারধর করে। মাইনুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্য দুই কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মাইনুল হক জানান, সকাল ১০টার দিকে তাঁরা তিনজন প্রতিষ্ঠান থেকে ১৮ লাখ টাকা নিয়ে প্রগতি সরণির ন্যাশনাল ব্যাংক লিমিটেড শাখায় জমা দিতে যাচ্ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে এলোপাতাড়ি পেটায়। একপর্যায়ে ছিনতাইকারীরা মাইনুলের হাতে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।