বাড্ডায় পিকেটারদের হামলায় গাড়ি উল্টে নিহত ১ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্যবাড্ডায় হরতালের সমর্থকদের হামলায় হিউম্যান হলার উল্টে একজন নিহত ও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার মধ্যবাড্ডার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইকবাল (৩৫)। তিনি রামপুরায় থাকেন। তিনি পেশায় শ্রমিক সরবারহকারী ঠিকাদার বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বন্ধু পরিবহনের একটি হিউম্যান হলার যাত্রী নিয়ে গুলিস্তান থেকে গুলশান-২-এর উদ্দেশে যাচ্ছিল। এটি মধ্যবাড্ডার ব্রিজ এলাকায় পৌঁছালে পিকেটাররা গাড়ির সামনের অংশে ইটপাটকেল ছোড়ে। এ সময় চালক গাড়িটি ঘোরানোর চেষ্টা করলে সেটি উল্টে যায়। এতে ছয়জন যাত্রী গুরুতর আহত হন।পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোহম্মদ ইকবাল নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর লাশ শনাক্ত করেছেন কয়েকজন শ্রমিক। তবে নিহতের পরিবার এখনও সেখানে যায়নি।