রাজধানীর বাড্ডায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জুয়েল (২২) নামের ট্যাক্সিক্যাবের একজন চালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন এ সাজা দেন।আদালত সূত্রে জানা গেছে, ভাটারা সোলমাইদ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় লোকজন ট্যাক্সিক্যাবের চালক জুয়েলকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত বাড্ডার পূর্ব ভাটারা এলাকায় আদালত পরিচালনা করেন। সেখানে উপস্থিত লোকজনের সাক্ষীতে আদালত ক্যাবের চালক জুয়েলকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, এলাকাবাসীরা তাঁকে জানিয়েছে স্কুলে আসা-যাওয়ার পথে ক্যাবচালক জুয়েল তিন ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন।আজ স্কুল থেকে ফেরার পথে একটি ফাঁকা জায়গায় জুয়েল ওই ছাত্রীর ওড়না ধরে টান দেন। এ ঘটনায় এলাকাবাসী জুয়েলকে আটক করে পুলিশে দেয়। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একটি দল।