বাড্ডায় লরির চাপায় দুই শিক্ষার্থী নিহত
রাজধানীর উত্তর বাড্ডায় তেলবাহী লরির চাপায় আজ রোববার বিকেলে দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁরা হলেন তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শেষ পর্বের ছাত্র নাসিরউদ্দীন (২৭) ও নর্দান বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ইয়াসমিন আক্তার রিনা (২২)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা তিনটার দিকে প্রগতি সরণি (উত্তর বাড্ডা) ফুজি টাওয়ারের সামনে একটি তেলবাহী লরি রিকশাকে চাপা দিলে রিকশাযাত্রী এই দুজন গুরুতর আহত হন। ইয়াসমিনকে পার্শ্ববর্তী বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আর নাসিরউদ্দীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নাসিরউদ্দীনের ভাগনে তরিকুল জানান, নাসিরউদ্দীনের বান্ধবী ইয়াসমিন আক্তার। তাঁরা দুজনই রিকশায় চেপে গুলশানে টিউশনিতে যাচ্ছিলেন। নাসির উত্তর বাড্ডার আদর্শনগরের ১ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন। তাঁর বাবা মৃত আবদুল মজিদ। গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিলেবাড়ি কদমতলা গ্রামে।পুলিশ জানায়, ইয়াসমিনের বাবার নাম ইদ্রিস আলী। তাঁর বাসা গুলশানের শাহজাদপুরে।দুজনের লাশই স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন। আজ রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশগুলো হাসপাতালেই ছিল।