বাড্ডায় সোয়েটার কারখানায় আগুন
রাজধানীর বাড্ডায় হাজি মার্কেটের একটি সোয়েটার কারখানায় আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানাটির প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, আজ ভোর পৌনে পাঁচটার দিকে বাড্ডার বাটারা এলাকার ওই মার্কেটে মাসুদুল আলমের সোয়েটার কারখানার পঞ্চম তলায় আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন পুরো পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। পরে আগুন কারখানাটির ছয় তলায় ছড়িয়ে পড়ে। এ সময় কর্তব্যরত শ্রমিকেরা আতঙ্কে ছোটাছুটি করে নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।কর্তব্যরত কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। কারখানাটির বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে আজ ভোর পাঁচটার দিকে ৩১ গ্রিন রোডের ছয় তলা একটি ভবনের নিচ তলার গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গ্যারেজে থাকা একটি প্রাইভেট কার পুড়ে গেছে।খবর পেয়ে মোহাম্মদপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাঁরা জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে সিগারেটের আগুনের সংস্পর্শে এ অগ্নিকাণ্ড ঘটে।