বাণিজ্য ও অর্থমন্ত্রীর বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দল ও সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি মন্ত্রীদের দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল বক্তব্য দিতে এবং সে ক্ষেত্রে আরও সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।আজ রোববার রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সংবিধানের অবমাননা ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিরোধী দলের প্রতিবন্ধকতা শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।সুরঞ্জিত বলেন, ‘মন্ত্রীদের বাগাড়ম্বরে বসা যাচ্ছে না। খালেদা জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। এসব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখনো হচ্ছে। আমাদের মন্ত্রীরাও ক্রমেই অসংযমী ও বাগাড়ম্বর হয়ে উঠছেন।’জিনিসের দাম কমাতে লোকজনকে এক দিন বাজারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। সুরঞ্জিত অর্থমন্ত্রীকে প্রশ্ন করেছেন, ‘তাহলে আপনার কাজ কী?’বাণিজ্যমন্ত্রী কম খান বলে যে পরামর্শ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। তাদের অনেকেই দুবেলা খেতে পায় না। তারা যে দাম কমাতে বা ভেজালের কারণে খায় না, তা নয়। তারা অভাবেই খেতে পায় না। তাই এসব কথা তামাশা মনে হয়।’জিনিসপত্রের দাম কমাতে সুরঞ্জিত টিসিবিকে সক্রিয় করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের মতো সরকারও সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করবে, তা মানা যায় না। তিনি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতা করতে বলেন।সুরঞ্জিত বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ৭(ক) অনুচ্ছেদ নিয়ে অনেক আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কেউ শক্তি প্রয়োগ করে বা অসাংবিধানিকভাবে সংবিধান স্থগিত করতে চায়, তাহলে তাকে শাস্তি পেতে হবে। পুনর্মুদ্রিত সংবিধান নিয়ে আমরা জনসাধারণের সামনে আসব। তখন সব বিভ্রান্তি ও প্রশ্নের জবাব দেওয়া হবে।’নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, বিএনপি মনে করে, চোখ বন্ধ করে রাখলে প্রলয় বন্ধ হয়ে যায়। এটি হবে না। বিএনপিকে এসব কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হয়েই আসতে হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আজ এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি ফাল্গুনী হামিদ, নাট্যাভিনেতা ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক অরুণ সরকার প্রমুখ।