বাণিজ্য বাড়াতে ঢাকা-কলম্বো নতুন উদ্যোগ নিতে সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও শ্রীলঙ্কা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বাণিজ্য, জাহাজ চলাচল ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন মাত্রা দিতে অশুল্ক বাধা দূর করার পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা ও নতুন উদ্যোগ নিতে রাজি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা ও কলম্বো থেকে একযোগে এটি প্রকাশ করা হয়েছে।এদিকে হামবানটোটায় নবনির্মিত গভীর সমুদ্রবন্দর বাংলাদেশকে ব্যবহারের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। এ প্রস্তাবে সাড়া দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল খুব শিগগির শ্রীলঙ্কা সফরে যাচ্ছে।ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পিরেস তাঁর দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহরে নির্মিত বন্দরটি ব্যবহারের প্রস্তাব দেন।জি এল পিরেস বলেন, হামবানটোটায় নবনির্মিত গভীর সমুদ্রবন্দর বাংলাদেশকে ব্যবহারের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। ওই বন্দরের মাধ্যমে ফিডার জাহাজের মাধ্যমে কলম্বো হয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে পণ্য পরিবহন করা যাবে।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশ সরকার বিষয়টি বিবেচনা করবে। গভীর সমুদ্রবন্দরটি ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখতে বাংলাদেশের তিন সদস্যের একটি প্রতিনিধিদল শ্রীলঙ্কা যাবে।বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্যের পরিমাণ উল্লেখ করার মতো নয়, এ প্রশ্নের জবাবে জি এল পিরেস বলেন, বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। গত এক দশকে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা (শ্রীলঙ্কায় তামিলবিরোধী অভিযান) ছিল, তা দূর হয়েছে। ফলে দুই দেশের অর্থনৈতিক সম্প্রসারণের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এ সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। এদিকে যৌথ ঘোষণায় বলা হয়েছে, উভয় দেশ নিজ নিজ দেশে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে রাজি হয়েছে। এ লক্ষ্যে দুই শীর্ষ নেতা মত দেন, যত শিগগির সম্ভব বাণিজ্য ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করা জরুরি।খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাত্: শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল বিকেলে সোনারগাঁও হোটেলে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এ দেশের বাণিজ্য, শিক্ষা ও সামরিক ক্ষেত্রে তাঁর দেশের অবদান আরও বাড়ানোর আশ্বাস দেন।বিকেল চারটা ৪০ মিনিট থেকে প্রায় ৪৫ মিনিটের বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও সার্ককে আরও কার্যকর, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। সেই সঙ্গে সার্ককে শক্তিশালী করতে শ্রীলঙ্কাকে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতি আহ্বান জানিয়েছেন।