বাণিজ্য মেলায় পারটেক্সের প্যাভিলিয়ন ধসে ছাত্র নিহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ শনিবার পারটেক্স প্লাস্টিকের দ্বিতল প্যাভিলিয়নের ছাদ ধসে পড়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত ব্যক্তির নাম রনি দাস (২৪)। তিনি ওই প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন। তিনি তেঁজগাও কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। পারটেক্সের ব্যবস্থাপক জোনায়েত আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, নিহত রনি দাস প্যাভিলিয়নের তথ্যপ্রযুক্তি বিভাগের হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, রাকিবুল হাসান ও শাহীন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। ফায়ার সার্ভিস ও মেলা কর্তৃপক্ষ জানায়, আজ বেলা আড়াইটার দিকে পারটেক্স প্লাস্টিকের দ্বিতল প্যাভিলিয়নের ভেতরের দোতলা অংশটি ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাণিজ্য মেলায় দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।বাণিজ্য মেলা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবকাঠামোগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। প্যাভিলিয়নটির দোতলায় অতিরিক্ত মালামাল রাখার কারণে ছাদ ধসে পড়তে পারে।