বাণিজ্য মেলার উৎসবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি পণ্য দেশে-বিদেশে পরিচিত করার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে থাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে সে উদ্দেশ্যকে ছাপিয়ে মেলা এখন নগরের প্রধান এক উত্সবে পরিণত হয়েছে। কয়েক বছর ধরে ক্রেতা-বিক্রেতা-উত্পাদনকারীরা মুখিয়ে থাকে জানুয়ারি মাসের এই মেলার জন্য। শিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্পাদিত নতুন পণ্যের প্রথম প্রদর্শনীটা হয়ে যায় বাণিজ্য মেলায়। সারা বছরের কিছু দরকারি পণ্য কেনার জন্য অনেকে ছুটে আসে বাণিজ্য মেলায়। তবে মেলায় এখনো ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। ঘুরেফিরে, খেয়েদেয়ে মেলা থেকে বিনোদন খুঁজে নেয় নগরবাসী। এবারের বাণিজ্য মেলার বিভিন্ন দিক তুলে ধরেছেন মিল্লাত হোসেনস্বদেশি পণ্য কিনে হোন ধন্য‘বিদেশি কাপড়ের প্রতি আমাদের মোহ বেশি। অথচ দেশি কাপড় যে বিদেশে রপ্তানি হয়, ইে খবর কেউ রাখে না। আমাদের উত্পাদিত স্যুট, প্যান্টের কাপড় ৯০ শতাংশ রপ্তানি হয়। বাকি কাপড়ের বেশির ভাগ কিনে নেয় সরকারি বিভিন্ন সংস্থা। এমনিতে ঈদের আগে ইসলামপুরে আমাদের কিছু কাপড় পাওয়া যায়। তবে মেলায় আমাদের সব ধরনের স্যুট, প্যান্টের কাপড় বিক্রি হচ্ছে। তবে এখানে লাভের জন্য নয়, শুধু প্রচারের জন্যই বিক্রি হচ্ছে। তাই কোনো রকম লাভ ছাড়া উত্পাদন খরচে মেলায় আমাদের কাপড় বিক্রি হচ্ছে।’ বলছিলেন এশিয়ান টেক্সটাইলের বিপণন কর্মকর্তা আনিসুর রহমান।দেশে উত্পাদিত পণ্য দেশে-বিদেশে জনপ্রিয় করার লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়ে থাকে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা জানান। তাঁদের হেলায় মেলা অবশ্য সেই লক্ষ্য ছাপিয়ে বারোয়ারি রূপ নিয়েছে। দেশি-বিদেশি নিম্নমানের পণ্যের স্টলের ভিড়ে তাই অনেক ক্রেতা রপ্তানিযোগ্য দেশীয় পণ্যের প্যাভিলিয়ন ও স্টলের দিকে আর যেতে পারে না। মেলায় একটু চোখ-কান খোলা রাখলেই দেশে উত্পাদিত রপ্তানি মানসম্পন্ন পণ্যের দেখা মিলবে। এতে একদিকে দেশীয় পণ্যের প্রসারে সহায়তা করা হবে, অন্যদিকে ভালো মানের পণ্যও কেনা যাবে। এ জন্য ঢুঁ মারা যেতে পারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) প্যাভিলিয়নে। পাটের চট ও বস্ত্র দিয়ে যে কত রকমের বাহারি পণ্য তৈরি করা যেতে পারে, তা দেখা যাবে ওই প্যাভিলিয়নের স্টলগুলোতে। মেলা থেকে দেখে দেখে কেনা যেতে পারে তাঁতবস্ত্র।সচেতন গৃহিণীরা সংসারের দরকারি অ্যালুমিনিয়ামের তৈজসপত্র কিনতে ভিড় করেন দিল্লি অ্যালুমিনিয়ামের প্যাভিলিয়নে। এ প্যাভিলিয়নের কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, ‘দেশে-বিদেশে সব জায়গায় আমাদের পণ্যের চাহিদা আছে।’ এ ছাড়া ভোগ্যপণ্য ও প্রসাধনসামগ্রী প্রস্তুতকারক দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্যাভিলিয়ন থেকে সুলভে কেনা যাচ্ছে দরকারি অনেক জিনিস।জেনে-বুঝে কিনুন ভিনদেশি পণ্যএবারের মেলায় ১০টি অতিথি দেশ অংশ নিয়েছে। এগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও তুরস্ক। এসব দেশের স্টল থেকে পণ্য কিনতে হলে জেনে-বুঝে কিনতে হবে। কেননা, ভিনদেশি স্টলের সুযোগ নিয়ে দেশীয় অনেক ব্যবসায়ী নিম্নমানের চীনা পণ্য বিক্রি করছে। তবে শখের বশে বা দরকারে যাঁরা ভিনদেশি পণ্য কিনতে চান, তাঁরা পাকিস্তানের প্যাভিলিয়নে গিয়ে দেখতে পারেন সালাদ কাটার, শাল কিংবা চুড়ি। ইরানের স্টলে দেখা যেতে পারে গয়না। আবার মেলার একটি প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ইরান, তুরস্ক, বেলজিয়াম, সৌদি আরব, মালয়েশিয়ার জায়নামাজ, দরজার মাদুর, অফিশিয়াল ও ড্রইংরুমের মাদুর।নিম্নমানের পণ্য থেকে সাবধান!অনেক ভুঁইফোঁড় ব্যবসায়ী মেলায় স্টল নিয়ে বসেছে। তাদের পসরার ভিড়ে মেলার অনেক স্থান নিউমার্কেট, গাউছিয়া মার্কেটের ভেতরের কিংবা বাইরের ফুটপাতের চরিত্র পেয়েছে। তারা নিম্নমানের জুতা, গয়না, থলে, তৈজসপত্র, পোশাক, ইলেকট্রনিকসসামগ্রী বিক্রি করছে। বারোয়ারি স্টলগুলোর পাশে দাঁড়িয়ে অনেক কর্মী আবার দর্শনার্থীদের ডাকাডাকি করে মেলার পরিবেশকে অশান্ত করে তুলছে। তাদের ডাকে সাড়া দিয়ে কেউ কেউ সেখানে ঢুকে পণ্য কিনছে। তবে সচেতন দর্শনার্থীরা এসব স্টলে ঢুকছে না। এমনই একজন মোহাম্মদপুরের সোনিয়া আমিন অবশ্য বারোয়ারি স্টলগুলোর ওপর বিরক্তি ঝাড়লেন। তাঁর ভাষ্য, মার্কেটের বারোয়ারি পণ্য মেলার পরিবেশের বারোটা বাজাচ্ছে। এসব যদি মেলায় এসে কিনতে হয়, তাহলে মেলায় না এসে মার্কেটে গেলেই তো হয়।খাওয়ার আগে জেনে নিন দামপ্রতিবছর বাণিজ্য মেলায় ঘুরেফিরে যে অভিযোগের কথা শোনা যায়, তা হচ্ছে, রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানগুলোতে খাবারের গলাকাটা দাম রাখা হয়। মেলার রেস্তোরাঁগুলোতে আয়োজকদের নির্ধারিত খাবারের দামের তালিকা টাঙানো থাকার কথা থাকলেও বেশির ভাগ রেস্তোরাঁয় এর বালাই নেই। কেবল একটি রেস্তোরাঁর সামনে আছে খাবারের দামের তালিকা। রেস্তোরাঁয় ঢোকার আগে ক্রেতাদের কিছু বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ করেছেন মেলার আয়োজক ইপিবির সহকারী পরিচালক মোখলেস আলমগীর হোসেন। তিনি বলেন, খাবার খাওয়া বা কেনার আগে দরদাম করে নেওয়া হচ্ছে সাধারণ ভদ্রতা। এটা করা হলে পরে আর বাগিবতণ্ডার মধ্যে পড়তে হবে না। তবে কোনো খাবারব্যবসায়ী ক্রেতাদের ঠকাচ্ছে, এমন অভিযোগ পেলে তাঁরা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।মেলার রেস্তোরাঁগুলোতে খাবারের দাম একটু বেশি থাকায় সচেতন অনেক দর্শনার্থী অবশ্য সে পথ মাড়ায় না। যদি বিশাল মেলায় ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগেই যায়, কিংবা শিশুরা খাবারের জন্য বায়না ধরে, তবে যাওয়া যেতে পারে ভোগ্যপণ্য উত্পাদনকারী কোনো প্রতিষ্ঠানের প্যাভিলিয়নে কিংবা স্টলে। যেমন, প্রাণ গ্রুপের পণ্যে ছয় থেকে ৪০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আবার মিষ্টান্ন উত্পাদনকারী প্রতিষ্ঠান রস লিমিটেড নগরের বিভিন্ন এলাকার বিক্রয়কেন্দ্রে যে দামে মিষ্টান্ন বিক্রি করছে, ঠিক সে দামেই মেলায় তাদের মিষ্টান্ন বিক্রি করছে। এমনকি মেলা উপলক্ষে তারা বিশেষ কুপনেরও ব্যবস্থা করেছে। রস লিমিটেডের কোনো বিক্রয়কেন্দ্র থেকে এখন মিষ্টান্ন কিনলেই ক্রেতাদের দেওয়া হচ্ছে ডিসকাউন্ট কুপন। মেলায় এসে তাদের স্টলে সেই কুপন দেখিয়ে মিষ্টান্ন কিনলে দামের দিক দিয়ে অন্তত পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। ঈগলুর স্টলে নানা রকম আইসক্রিম বিক্রি করছে পাইকারি দরে। তাই যখন কারখানার মূল্যে স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য মিলছে উত্পাদকদের স্টলে, তখন বেশি দাম দিয়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার দরকারটা কী?বিনোদনের সন্ধানেবাণিজ্য মেলায় কেউ আসে ঘুরতে, কেউ আসে দরকারি জিনিস কিনতে। এ মেলা নগরবাসীর অন্যতম একটি উত্সবের বিষয়ে পরিণত হয়েছে। তবে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও অনেকে মেলায় আসে। এমনি একজন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্নী দরকারি জিনিস কিনতে মেলায় এসেছেন। তিনি বলেন, ‘প্রতিবছরই মেলায় আসি। এবার আগেই বোনের বাসায় বেড়াতে এসেছি। একবারেই মেলা ঘুরে গেলাম। মেলায় সব ধরনের পণ্য একই সঙ্গে থাকে। সব দেখে ভালো জিনিসটা কেনা যায়।’আবার যাত্রাবাড়ীর কলি-আসাদ দম্পতি তাঁদের বিবাহবার্ষিকী উদ্যাপন করতে মেলায় ঘুরতে এসেছিলেন। তাঁদের দেখা পাওয়া গেল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেডিপিসির প্যাভিলিয়নে। সেখানকার স্টলগুলোর হরেক রকম পাটপণ্য ঘুরে দেখেন তাঁরা। অনেকে আবার শিশু-কিশোরদের নিয়ে মেলায় ঘুরতে আসে। মেলার এক জায়গায় শিশুদের জন্য ছোট্ট আকারের থিম পার্কও বসে গেছে। সেখানকার খেলনায় চড়ে ছেলেবুড়ো অনেকেই আনন্দের হুল্লোড়ে মেতে উঠছে। অনেকে আবার মেলার ফুলের বাগান, সুদৃশ্য প্যাভিলিয়ন, ফোয়ারার পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য হাসিমুখে পোজ দেয়। অনেকে আবার বেসরকারি টিভি ক্যামেরার আশপাশে ভিড় করে থাকে। নিজের মুখ টিভি ক্যামেরার সামনে তুলে ধরতে তাদের চেষ্টার অন্ত নেই।নন্দন কথাবাণিজ্য মেলার বারোয়ারি স্টলগুলো বাদে বাকিটা জুড়ে আছে নান্দনিকতার ছোঁয়া। প্যাভিলিয়ন ও স্টল সুন্দর করার দিকে নজর দিয়েছে অনেক প্রতিষ্ঠান। নান্দনিকতার দিক দিয়ে সবার মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা রয়েছে। প্রাণ গ্রুপের প্যাভিলিয়ন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এশিয়ান টেক্সটাইলের প্যাভিলিয়নের পাশেই আছে একটি ফোয়ারা, যা দিয়ে রঙিন পানি প্রবাহিত হয়। গোল্ডেন টিক ফার্নিচার করেছে ছনের ছাউনি দেওয়া প্যাভিলিয়ন। আবার ট্রান্সকমের প্যাভিলিয়নের ভেতরের বড় বড় টেলিভিশন মনিটর দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। ভেতরের সজ্জায় কম যায়নি ইউনিলিভারের প্যাভিলিয়ন। অনেক প্যাভিলিয়নের ভেতর আবার একই রঙের পোশাক পরে বিক্রয়কর্মীরা কাজ করছেন। আর বিক্রয়কর্মীরা যদি তরুণী হন, তবে সেসব স্টলের আশপাশে ঘুরঘুর করে একশ্রেণীর তরুণ। তবে এসব রোমিওর বিচরণটা অপ্রীতিকর অবস্থায় গিয়ে ঠেকে না বলে জানান একাধিক বিক্রয়কর্মী।সুলভে কেনা যায় ভালো পণ্যজানুয়ারির বাণিজ্য মেলার জন্য ক্রেতা ও উত্পাদক সবাই যেন মুখিয়ে থাকে। এমন ক্রেতার কথাও জানা গেল, যারা মেলায় কেনাকাটার জন্য সারা বছর টাকা জমায়। আবার উত্পাদকেরা প্রচারে সুবিধা করতে নতুন পণ্য প্রথমে আনে মেলার স্টলে। তবে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ আবার প্রচার বাড়াতে ভিন্ন এক কৌশল নিয়েছে। ৪ জানুয়ারি তাদের প্যাভিলিয়নে হাজির হয়েছিলেন খ্যাতিমান শেফ টমি মিয়া। রূহ আফজা ব্যবহার করে খাবারের নতুন একটি রেসিপি তিনি সেখানেই তৈরি করে প্রথম পরিবেশন করেন। হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হারুন বলেন, মেলায় তাঁদের প্যাভিলিয়নে বিশেষজ্ঞ চিকিত্সক বিনা ফিতে চিকিত্সাসেবা দিচ্ছেন। তাঁদের পণ্যের পরিচিতি বাড়ানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।মূলত পণ্যের প্রচারের অংশ হিসেবে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো পাইকারি দরে মেলায় পণ্য বিক্রি করছে। কেউ কেউ দামে দিচ্ছে বিশেষ ছাড়। আবার একটা কিনলে আরেকটা ফ্রিও পাওয়া যাচ্ছে মেলায়। ইউনিলিভারের প্যাভিলিয়নে ব্র্যান্ডের অনেক প্রসাধনসামগ্রী পাঁচ থেকে ১০ শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে। আবার হক শিল্পগোষ্ঠী তাদের বিস্কুটজাতীয় পণ্য ১০০ ও ১৫০ টাকার প্যাকেজ করে বিক্রি করছে, যার মাধ্যমে ক্রেতারা বেশ ছাড় পাচ্ছে। কুমিল্লায় তৈরি শ্রীহা কুল ম্যাট দুবাই, ভারত ও পাকিস্তানে রপ্তানি হয়। মেলায় এই মাদুর পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে। এখান থেকে মাদুর কিনলে ক্রেতারা ১০০ থেকে ২০০ টাকা সাশ্রয় করতে পারছে। কারণ, পরিবেশকদের কাছে তারা যে দামে মাদুর বিক্রি করে, মেলায় সে দামেই তারা ক্রেতাদের কাছে মাদুর বিক্রি করছে। ‘১৪০ টাকার পচা-সামগ্রী কিনলেই পাচ্ছেন নিশ্চিত পুরস্কার’—এমনটা লেখা আছে আলমের এক নম্বর পচা-সামগ্রীর স্টলে। এখানকার কর্মী নুর ইসলাম জানান, ১৪০ টাকার পণ্য কিনলে এখানে কুপন দেওয়া হয়। কুপন ওঠালেই তাঁদের যেকোনো একটি সামগ্রী বিনা মূল্যে পাওয়া যাচ্ছে। আবার তাঁদের সব পণ্যের একটি করে নিয়ে একটি প্যাকেজ আছে। যেগুলো গায়ের দাম যোগ করলে হয় ১৬১ টাকা, কিন্তু মেলায় সেই প্যাকেজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এভাবে আবার ২১ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।তবে মেলার বারোয়ারি এলাকার স্টলে গিয়ে ছাড়, ফ্রি, কিংবা লাকি কুপনের পাল্লায় মজলে ক্রেতাকে নির্ঘাত ঠকে আসতে হবে। কারণ, অনেক ভুঁইফোড় ব্যবসায়ী ছাড়, ফ্রি কিংবা লাকি কুপনের লোভ দেখিয়ে ক্রেতাকে নিম্নমানের পণ্য গছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বুদ্ধিমান ক্রেতারা শুধু খ্যাতনামা কিংবা রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্যাভিলিয়নে গিয়েই সুলভে পণ্য কিনে ঘরে ফিরছে।খুঁটিনাটি তথ্য‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১০’-এর আয়োজক বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এবারের মেলার বাজেট ধরা হয়েছে আট কোটি ৫৭ লাখ টাকা। মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৩০৮টি। এর মধ্যে ভিনদেশি ২৮টি। মেলার পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। মেলার ধূলিদূষণ প্রতিরোধে পানি ছিটিয়ে থাকেন গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা। মেলার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার স্বার্থে মেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব) কাজ করছে। মেলায় গাড়ি রাখা ও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মেলার ভেতরের শৃঙ্খলা রক্ষা, রাতে স্টল পাহারার দায়িত্বে আছেন বেসরকারি নিরাপত্তা রক্ষা প্রতিষ্ঠান ফাইভ স্ট্রেঞ্জেস সিকিউরিটি সার্ভিসেসের কর্মীরা। এই প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ হেলাল উদ্দিন জানান, মেলা পরিদর্শনের সময় তাঁরা টাস্কফোর্সের সঙ্গে থাকেন। কোনো স্টলের পসরা যাতে পথের পাশে রাখা না হয়, সেদিকে তাঁরা নজর রাখেন। মেলার স্টল ও রেস্তোরাঁগুলোর নজরদারি করছে ইপিবির বিশেষ টাস্কফোর্স। ইপিবির অভিযোগকেন্দ্রে কোনো ক্রেতা-দর্শনার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ইপিবির সহকারী পরিচালক মোখলেস আলমগীর হোসেন জানান, মেলায় তারবিহীন ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। ফলে কোনো দর্শনার্থী ল্যাপটপ কম্পিউটার নিয়ে মেলায় এলে তিনি কম্পিউটারে বিনা মূল্যে ইন্টারনেট-সুবিধা পাবেন।মেলার মাঠে গাড়ির রাখার জায়গা করা হয়েছে। ভিআইপি ব্যক্তিরা বিশেষ জায়গায় বিনা মূল্যে গাড়ি রাখতে পারছেন। আর সাধারণ ক্রেতা-বিক্রেতাকে গাড়ি রাখার জন্য ফি দিতে হচ্ছে। প্রতি তিন ঘণ্টার জন্য তিন ও দুই চাকার হালকা যানবাহন রাখতে ফি দিতে হয় ১০ টাকা। চার চাকার হালকা যানের জন্য ১৫ টাকা, তিন টন বা তার বেশি পণ্যবাহী যানের জন্য ৩০ টাকা এবং পাঁচ টন বা তার বেশি পণ্যবাহী যান রাখার জন্য ফি দিতে হয় ৫০ টাকা। গাড়ি রাখার সময় তিন ঘণ্টা পেরিয়ে গেলে নতুন করে একই হারে ফি দিতে হয়। মেলায় গাড়ি রাখার বিষয়টি নিয়ন্ত্রণ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গাড়ি রাখার অর্থও সংগ্রহ করছে তারা। আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোকে ১৪ লাখ টাকা দিয়ে তারা এই দায়িত্ব নিয়েছে। আয়োজকদের দুই কোটি ৩৮ লাখ টাকা দিয়ে মেলার টিকিট বিক্রির দায়িত্ব নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েগা জোন। মেলায় ঢুকতে সাধারণ দর্শনার্থীদের ১৫ টাকার টিকিট কিনতে হচ্ছে। তবে দর্শনার্থীর বয়স ১২ বছরের কম হলে টিকিট লাগে ১০ টাকার। মেলার প্রথম সপ্তাহে গড়ে প্রতিদিন হাজার বিশেক দর্শনার্থী এসেছে বলে জানান ওয়েগা জোনের একজন কর্মী।