বাণিজ্য মেলার টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ পালিয়েপ্রায়ই দেখা যায়, স্কুল-কলেজের বাঁধা পোশাক পরা ছেলেমেয়েরা বাণিজ্য মেলায় দল বেঁধে ঘোরাঘুরি করছে। কেউ কোনো প্রশ্ন না করলেও এদের অপকর্ম খানিকটা হলেও বোধ হয় আঁচ করা যায়। যেমন এ রকম দল বেঁধে ঘুরতে থাকাদের মধ্যে একটি মেয়ের ফোন বেজে উঠল। চারপাশে তখন ভীষণ হই-হট্টগোল। মেয়েটার মা বোধ হয় ফোনের অপর প্রান্ত থেকে জিজ্ঞেস করল, কিরে এত হইচই কিসের? আর মেয়েটা জবাব দিল, ‘হ্যাল্লো আম্মু, কলেজ মাত্র ছুটি হইলো তো, আমি সিঁড়ি দিয়ে নামতেছি। তোমারে রিকশায় উঠে ফোন দিই?’ তারপর গেটের দিকে দে ছুট!একচিলতে বইমেলানানা ধরনের পণ্য উঠেছে বাণিজ্য মেলায়। জুতো, স্যান্ডেল থেকে শুরু করে একেবারে লাখ টাকা দামের খাট-পালং—সবই পাওয়া যায় এখানে। দেশি-বিদেশি রকমারি পণ্যের কমতি নেই পুরো মেলায়। কিন্তু তার মধ্যেও একটু ব্যতিক্রমীভাবে চোখে পড়ল তিনটি বইয়ের স্টলকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে। মজার বিষয় হচ্ছে, লোকজন ঘর-গেরস্থালির প্রয়োজনীয় জিনিস কিনতে এসেও কিন্তু বইয়ের দোকানগুলোতে ঠিকই ঢুকছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নতুন কী কী বই এল। দামদর করছে, কিনেও ফেলছে কেউ কেউ।বাণিজ্য মেলায় কৃত্রিম বাগানঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেতরে গড়ে তোলা হয়েছে কৃত্রিম বাগান। এই বাগান দেখে কেউ বুঝতেই পারবে না যে কয়েক সপ্তাহ আগে এখানে ছিল ধুলাবালিময় খোলা মাঠ। বিভিন্ন রঙের বিভিন্ন ফুল ফুটে আছে এসব বাগানে। মেলা প্রাঙ্গণে ঢুকলে বিভিন্ন জায়গায় এসব কৃত্রিম বাগান সহজেই দৃষ্টি আকর্ষণ করে। বাগানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন অনেকেই।ছবি তুলতে হাজিরক্রেতাদের টানতে বাণিজ্য মেলাজুড়ে সুন্দর করে সাজানো স্টলের ছড়াছড়ি। এ রকম সুন্দর করে সাজানোর উদ্দেশ্য হলো ক্রেতারা যাতে ভেতরে ঢুকে কেনাকাটা করে কিংবা নিদেনপক্ষে তাদের পণ্যগুলো যাতে দেখে যায়। কিন্তু দেখা যাচ্ছে, ক্রেতারা এই সৌন্দর্যকে কাজে লাগাচ্ছে ভিন্নভাবে। যেমন একটি প্যাভিলিয়নের পেছনে দেখা গেল তিন মডেলের বিজয় চিহ্ন দেখানো বিশাল এক ছবি টাঙানো আছে। তার সামনে দাঁড়িয়ে মহা-আনন্দে দুই আঙুল দেখিয়ে ছবি তুলছে মেলায় আগতরা। দেখা গেল, অনেকেই ঘুরতে ঘুরতে এ জায়গাটায় এসে দাঁড়াচ্ছে। উদ্দেশ্য, তারকাদের সামনে দাঁড়িয়ে ছবি তোলা। কেউ যাচ্ছে আবার এশিয়ান টেক্সটাইল প্যাভিলিয়নের সামনের গোলাপি ঝরণার কাছে। কিংবা ফুলের বাগানের কাছেও লোকের অভাব হচ্ছে না। কিছু কেনাকাটা হোক আর না হোক, ছবি তোলা হচ্ছে ধুমসে!মিনি শিশু পার্কঘর-গেরস্থালির জরুরি জিনিসগুলো কিনতে বড়রা চষে বেড়ায় মেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। অনেক পণ্য আর অনেক ভিড়ের মধ্যে থেকে থেকে মা-বাবাদের হয়তো ক্লান্ত লাগে না। কিন্তু সঙ্গে করে নিয়ে আসা বাচ্চারা কি আর অতশত বোঝে, না বুঝতে চায়? তাই হাঁপিয়ে ওঠা বাচ্চাগুলো চায় একটু মুক্তি। এখানে অবশ্য রাইডে চড়ার ব্যবস্থা আছে। কিন্তু কে যাবে গুচ্ছের টাকা নষ্ট করে, লাইনে দাঁড়িয়ে রাইডে চড়তে? তাই গাজী প্লাস্টিকের মিনি প্যাভিলিয়নের সামনে রাখা খেলনাগুলো দেখে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাদের। হাঁটতে হাঁটতে যদি কোনো রকমে খোঁজ পেয়ে যায়, ব্যস অমনি ছুটে গিয়ে মনের আনন্দে শুরু করে দেয় খেলাধুলা। দোলনা, স্লাইড, প্লাস্টিকের ঘোড়ায় চড়ে খানিকটা বিনোদন কুড়িয়ে নিতে ভুল হয় না তাদের।আইসক্রিম বিরতিসময়টা শীতের, তার পরও আইসক্রিম। অনেকটা সেই চুটকির বাচ্চা ছেলেটার সোয়েটার জড়িয়ে আইসক্রিম খাওয়ার মতো দশা। কিন্তু এখানে বড়রাও কম যান না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে ইগলুর আইসক্রিমের স্টলে দাঁড়িয়ে চট করেই নিয়ে নিচ্ছেন আইসক্রিম। তারপর রসিয়ে রসিয়ে সেটাই খাচ্ছেন। ঠান্ডার পরোয়া তাঁদের নেই এ কথা তো বলাই বাহুল্য!১০ মিনিটে মুখঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বসে বসে মানুষের মুখ আঁকেন পার্থ রায়। বাক্প্রতিবন্ধী এই মানুষটি অন্যের মুখচ্ছবি এঁকেই জীবন চালান। এস এম সুলতানের সাক্ষাত্ ছাত্র ছিলেন তিনি। তাঁর নড়াইলের আর্ট স্কুল ‘শিশু স্বর্গে’ বসেই ছবি আঁকা শিখেছেন পার্থ। চারকোলের পেনসিল দিয়ে সাদা কাগজের মধ্যে ঘষাঘষ রেখা টেনে চলেন একমনে। দেখতে দেখতেই এক সময় বের হয়ে আসে সামনে বসা মানুষটার মুখ। লোকজন সবকিছু ফেলে ভিড় করে দেখে তাঁর এই কাজকর্ম। কাজ শেষে নগদ প্রাপ্তি হয় ভালোই। সেই সঙ্গে বেশ বাহবাও মেলে। পার্থ রায় লিখে জানালেন, প্রতিটি সাদাকালো ছবির জন্য ২০০ টাকা রাখেন তিনি। আর রঙিন হলে ৪০০ টাকা। মেলায় বসলে সারা দিনে আট-দশজন পাওয়া যায়। বাণিজ্য মেলা শেষ হয়ে গেলে বইমেলা শুরু হবে, তখন তাঁকে দেখা যাবে ওখানেই। আর প্রত্যেক ঈদে তাঁকে পাওয়া যাবে শিশু পার্কের চৌহদ্দীতে।রথ দেখা, সেই সঙ্গে কলা বেচাঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে কিছুটা বাড়তি উত্সাহ কাজ করে অনেকের মধ্যেই। দূর-দূরান্ত থেকে অনেকেই আসেন মেলা দেখতে। ‘দূরত্ব যতই হোক, কাছে থাকুন’ এমন চিন্তা থেকে নরসিংদী থেকে মেলা দেখতে এসেছে দুটি পরিবার। পরিবার-পরিজন নিয়ে সারা দিন ঘোরাফেরা-কেনাকাটা আর হই-হুল্লোড় শেষে মেলা প্রাঙ্গণেই চাদর পেতে বসে পড়লেন তাঁরা। আর সঙ্গে করে আনা ব্যাগ থেকে বের হতে থাকে হরেক রকম খাবার। মেলায় আসা অন্য দর্শনার্থীরা খানিকটা কৌতূহলী হয়ে দেখতে থাকে ব্যাপারটা। লোকজনের এই কৌতূহল দেখে এক পরিবারের কর্তা খানিকটা আয়েশি ভঙ্গিতে বলেই ফেললেন, ‘ভাই, রথ দেখা আর কলা বেচা একই সঙ্গে সেরে ফেললাম।’ভাঁড়ের ভাঁড়ামিভাঁড়ের পোশাক পরনে, ঘুরে বেড়াচ্ছেন বাণিজ্য মেলার পথে পথে। সামনে যাকেই পাচ্ছেন, জড়িয়ে ধরছেন। এর-ওর মাথায় টোকা দিচ্ছেন, কোলাকুলি করছেন। মেলাময় দৌড়াতে দেখা গেল তাঁকে। পেছনে রয়েছে শিশু-কিশোররা। বড়রা একটু বিরক্ত হলেও শিশুরা অনেক মজা পাচ্ছিল তাঁকে দেখে। কিন্তু বিপত্তিটা বাধলো যখন একজন তাঁর ছবি তুলতে চাইলেন তখন। পট করে বলে বসলেন, ‘ছবি তুলবেন? তুলেন। তয় বিশটা টাকা লাগবে।’ ছবি যিনি তুলতে চেয়েছিলেন তিনি আর কিছু বললেন না। ছবি না তুলেই চলে যাচ্ছিলেন। যাওয়ার আগে বলে গেলেন, ‘বিটলামি একটু বেশিই করে ফেললেন মনে হয়?’