বাণিজ্য মেলার রেস্তোরাঁয় লোভনীয় ফাঁদ!
‘বাণিজ্য মেলায় আমাদের কোনো শাখা নেই’—এমন লেখা সংবলিত ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে হোটেল সুপার লিমিটেডের স্টার কাবাব কিংবা সুপার স্টার রেস্তোরাঁর প্রতিটি শাখায়। একই রকম ব্যানার ঝুলছে পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানির দোকানের সামনে। বাণিজ্য মেলা হচ্ছে শেরেবাংলা নগরে, আর ব্যানার ঝোলানো হয়েছে কিনা নগরের অন্যান্য এলাকায়। ব্যাপারটা কেমন গড়বড়ে হয়ে গেল না! যাঁদের মনে এমন ভাবনা, তাঁদের জন্য ব্যাপারটা খোলাসা করলেন হোটেল সুপার লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল। তাঁর ভাষ্য, ‘বাণিজ্য মেলায় আমাদের কোনো শাখা নাই। কিন্তু আমাদের না জানাইয়া একটা রেস্তোরাঁর সাইনবোর্ডে আমাদের নাম দেওয়া হইছে। এভাবে আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তার জন্যে আমরা ব্যানার ঝুলাইয়া দিছি।’ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবছর একই ঘটনা ঘটছে। মুনাফালোভী এক শ্রেণীর ব্যবসায়ী পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে। ক্রেতারাও হাজির বিরিয়ানি, নান্না মিয়ার মোরগ-পোলাও, স্টারের কাবাবের স্বাদ পাওয়ার লোভে ঢুকে পড়ছেন মেলার রেস্তোরাঁয়। তবে খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর আর তুলতে পারছেন না তাঁরা। কেন? ‘কোয়ালিটি সে রকম মনে হলো না’, বলছিলেন সমাজ উন্নয়ন-কর্মী আনোয়ার হায়দার। তাঁর অবশ্য জানা ছিল না তিনি হাজির বিরিয়ানি ভেবে যে রেস্তোরাঁয় ঢুকেছেন, তার সাইনবোর্ডে ‘হাজির বিরিয়ানি’ কথার আগে প্রায় না বোঝার মতো করে রং দিয়ে ‘এল’ শব্দটি যুক্ত করা হয়েছে। একই কায়দায় কেউ যুক্ত করেছেন ‘নিউ’ শব্দ। আবার নান্না মিয়ার নামের আগে ‘হাজি’ শব্দ যুক্ত করে দোকানের নাম হালাল করার চেষ্টা করেছেন আরেক রেস্তোরাঁর মালিক। আরেকজন স্টার-এর সঙ্গে বিবর্ণ করে ‘টু’ শব্দ যুক্ত করেছেন, যা বুঝতে হলে চাই চোখের প্রখর দৃষ্টি কিংবা আতশি কাচ। এক রেস্তোরাঁ ব্যবসায়ী অবশ্য কোনো শব্দ যোগ করার দিকে যাননি। তিনি দোকানের নাম দিয়েছেন স্টার কাবাব গার্ডেন অ্যান্ড দিল্লি বিরিয়ানি। তবে ‘মুন স্টার ফাস্ট ফুড সেন্টার’ নামের সেই রেস্তোরাঁটি বরাদ্দ নেওয়া হয়েছে বলে জানা গেল। ওই রেস্তোরাঁর স্বত্বাধিকারী আকরাম হোসেন অবশ্য অসাড় এক যুক্তি দিলেন, ‘স্টার শব্দের আগে আমি মুন মানে চাঁদের ছবি দিছি।’ তবে তিনি শেষ পর্যন্ত সাইনবোর্ডের ‘স্টার কাবাব’ লেখা পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। কর্তৃপক্ষের চাপে নাকি প্রকৃত স্টার রেস্তোরাঁর শাখাগুলোর সামনের ব্যানারের তোপে এমনটি করেছেন, তা ঠিক খোলাসা করে বললেন না।হাজির বিরিয়ানি, নান্নার মোরগ-পোলাও কিংবা স্টারের কাবাবের নাম ব্যবহার করা যে শুধু ক্রেতা বাগানোর জন্যে, তা স্বীকারও করলেন দু-একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।অন্যের সুনাম অবৈধভাবে ব্যবহার করে আবার তার স্বীকারোক্তি! এর পরও চুপচাপ বসে আছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এক নামে রেস্তোরাঁ নিয়ে আরেক নামে সাইনবোর্ড তৈরির ঘটনা আয়োজকদের চোখের সামনে ঘটল কী করে? এ কথায় অবশ্য খোঁড়া এক যুক্তি দিলেন ইপিবির সহকারী পরিচালক (অর্থ) ও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজক কমিটির সদস্যসচিব সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, রেস্তোরাঁর সাইনবোর্ড তৈরির সময় তাঁরা পরিদর্শনে গেলেই সেগুলো কাগজ দিয়ে ঢেকে রাখা হতো। তাই তাদের চোখে পড়েনি। তার মানে দাঁড়ায়, রেস্তোরাঁর মালিক ও পরিদর্শকদের সঙ্গে এক ধরনের চোর-পুলিশ খেলা হয়ে গেছে এরই মধ্যে। তবে এই খেলা বন্ধ করতে আয়োজকেরা উদ্যোগী হয়েছেন বলে জানালেন সৈয়দ বেলাল হোসেন। তাঁর কথা বাস্তব রূপ পেলে মেলার কোনো রেস্তোরাঁর সাইনবোর্ডে এখন আর হাজির বিরিয়ানি, নান্না মিয়ার মোরগ-পোলাও, স্টার কাবাব শব্দ থাকার কথা নয়।