ইপিবির কর্মকর্তাদের মারধর, মেরে ফেলার হুমকি, থানায় জিডি
বাণিজ্য মেলায় ছাত্রলীগ নামধারীদের দৌরাত্ম্য
চাঁদা না দেওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন কোম্পানির প্যাভিলিয়নের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পর এবার মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের মারধর করেছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা।গত সপ্তাহে ইপিবি কর্মকর্তাদের মেলা প্রাঙ্গণেই মারধর করে বের করে দিয়েছে সন্ত্রাসীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকেও মেলায় দায়িত্ব পালন না করার জন্য মুঠোফোনে হুমকি দিয়ে যাচ্ছে তারা। এ অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এক সপ্তাহের ব্যবধানে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইপিবির দুই কর্মকর্তা। এর একটি হয়েছে ১১ জানুয়ারি, অন্যটি গত রোববার।বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের কারণে মেলা নিয়মকানুন অনুযায়ী চলছে কি না, তা তদারক করা যাচ্ছে না। তদারক দলের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা ভয়ে মেলায় যাওয়াই ছেড়ে দিয়েছেন।জানা গেছে, ১০ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় মেলার ভেতরে ইপিবির অস্থায়ী কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের ওপর হামলা চালান ১৫-২০ জন যুবক। ইপিবির দুই মহাপরিচালক (ডিজি) রাখালচন্দ্র বর্মণ ও সালাউদ্দিন মাহমুদ এ সময় সেখানে ছিলেন। অস্থায়ী কার্যালয় থেকে ওই সময় ইপিবির এক প্রকৌশলীকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায় সন্ত্রাসীরা। আগের দিন এই প্রকৌশলীকেই তারা মুঠোফোনে মেলায় কোনো দায়িত্ব পালন না করার হুমকি দিয়েছিল। ইপিবির আরেক উপপরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকেও মুঠোফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা।জিডিতে বলা হয়, ৯ জানুয়ারি সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে ০১৯৭১৬৩৩৮৮৬ নম্বর থেকে ইপিবির এক কর্মকর্তাকে বাণিজ্য মেলায় দায়িত্ব পালন না করার হুমকি দেওয়া হয়। এই নম্বরে গতকাল কয়েক দফা ফোন করলেও কেউ ফোনটি ধরেনি। মেলার অব্যবস্থাপনা নিয়ে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অতিরিক্ত বাণিজ্যসচিব কমলকৃষ্ণ ভট্টাচার্যের নেতৃত্বাধীন এ কমিটির আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা।চাঁদাবাজির কারণে এর আগে মেলায় স্থাপনা নির্মাণ করতে পারছিলেন না স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা। ১৪ ডিসেম্বর ‘চাঁদা না দিলে প্রাণ যাবে’ শিরোনামে একটি প্রতিবেদনও ছাপা হয় প্রথম আলোতে। পরদিনই ওই চাঁদাবাজির সঙ্গে জড়িত ছাত্রলীগের শেরেবাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কার করা হয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হাসান ওরফে সম্রাটকে।প্যাভিলিয়ন, স্টল ইত্যাদি শর্ত অনুযায়ী স্থাপিত হয়েছে কি না, কম জায়গা বরাদ্দ নিয়ে কেউ বেশি জায়গা দখল করেছে কি না, বরাদ্দ নিয়ে কেউ অন্যের কাছে স্টল বিক্রি করে দিয়েছে কি না—ইত্যাদি তদারক করে মেলার আয়োজক ইপিবি। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেলায় পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা রয়েছে কি না, খাবারের দোকানে অস্বাভাবিক মূল্য রাখা হচ্ছে কি না বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের দাবি হলো, এসব তদারক করা যাবে না। এবারের মেলার টিকিট বিক্রির ইজারা পেয়েছে মীর ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান। গতবারও একই প্রতিষ্ঠান পেয়েছিল এই কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টিকিট বিক্রির কাজ যারা পায়, তারাই গোটা মেলার সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনের ভাই বলে পরিচয়দানকারী যুবলীগের নেতা শহীদুল ইসলাম এবং সাংসদ নুরুন্নবী ওরফে শাওনের ভাই নুরুল আমীন গোটা বাণিজ্য মেলা নিয়ন্ত্রণ করছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে। যোগাযোগ করলে শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একটি ঘটনা হয়েছিল কয়েক দিন আগে। সঙ্গে সঙ্গেই মিটমাট হয়ে হয়ে গেছে।’কর্মকর্তাদের দায়িত্ব পালন না করার হুমকি এবং এ বিষয়ে শেরেবাংলা থানায় জিডি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’এর আগে চাঁদাবাজির বিষয়ে শহীদুল ইসলাম বলেছিলেন, ‘চাঁদাবাজির কথা শোনার পর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছেলেদের ডেকে বলে দিয়েছি। তারা আর মেলায় যাচ্ছে না।’ওই সময় নুরুল আমীনের ব্যাপারে সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন প্রথম আলোকে বলেছিলেন, তাঁর ভাই কোনোভাবেই চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘মেলার প্রস্তুতি পর্বে চাঁদাবাজির কিছু বিষয় ছিল। আর কয়েক দিন আগে মেলা প্রাঙ্গণে যা ঘটেছে, তা বিচ্ছিন্ন ঘটনা। মেলার সার্বিক অবস্থা এখন ভালো।’ ছাত্রলীগ নামধারীদের হুমকির বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান।গত মাসে ইপিবি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছিল, মেলা শুরুর আগে চাঁদাবাজির কারণে অত্যন্ত বিব্রতকর, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে।উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের তখন গোয়েন্দা সংস্থাগুলোতে চিঠি পাঠিয়েছিলেন।