বাণিজ্য মেলায় ছুট...
বছরের জানুয়ারি মাসটার জন্য মুখিয়ে থাকেন অনেকে। কারণ এ মাসজুড়েই চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সংসারের সারা বছরের দরকারি তৈজসপত্র অনেকেই কিনে থাকেন এই মেলা থেকে। আবার এই মাসেই ঘোরাফেরার জন্য বিনোদনপিয়াসীরা ছুটে যান বাণিজ্য মেলায়। মেলায় ঘোরা ও কেনাকাটার আনন্দ ধরে রাখতে এতে ঢোকার আগে কিছু বিষয় জেনে নিলে ভালো হয়। সেসব নিয়েই লিখেছেন মিল্লাত হোসেন।মেলায় ঢোকার আগে...মেলায় যাঁরা গাড়ি নিয়ে আসবেন, তাঁরা এবার আর মেলাপ্রাঙ্গণের পাশে গাড়ি রাখতে পারছেন না। গাড়ি রাখার জায়গা একটু দূরে সরে গেছে। সেটা করা হয়েছে শেরেবাংলা কমিউনিটি সেন্টারে র্যাব-২-এর কার্যালয়ের পাশে। সেখানে গাড়ি রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগকে কিছু ফিস দিতে হবে। গাড়ির প্রহরা ও নিয়ন্ত্রণের কাজটি করবেন ট্রাফিক পুলিশের কর্মীরা। মেলায় ঢুকতে সাধারণ দর্শনার্থীদের ১৫ টাকার টিকিট কিনতে হচ্ছে। তবে দর্শনার্থীর বয়স ১২ বছরের কম হলে টিকিট লাগে ১০ টাকার। মেলা প্রতিদিন খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে ছুটির দিনে মেলার দরজা বন্ধ হবে রাত ১০টায়। তবে যাঁরা ভিড় এড়িয়ে চলতে চান, তাঁদের শুক্রবার বিকেলের দিকে মেলায় না যাওয়াই ভালো। কারণ শুক্রবার বিকেল থেকে রাত দশটা অবধি লোকের ভিড়ে গিজগিজ করে বাণিজ্য মেলার চত্বর। ওই দিন রাতে বাসায় ফেরার যানবাহন পেতেও সমস্যা হয়।দেখে কিনুন ভিনদেশি পণ্যএবারের মেলায় বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান ছাড়াও ১৩টি দেশের ব্যবসায়ীরা তাঁদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। এর মধ্যে আছে ভারত, পাকিস্তান, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া। মেলায় ভিনদেশি পণ্য কিনতে হলে দেখেশুনে কিনতে হবে। কেননা, ভিনদেশি স্টলের সুযোগ নিয়ে দেশীয় অনেক ভুঁইফোড় ব্যবসায়ী নিম্নমানের চীনা পণ্য বিক্রি করছে। তাই মেলায় যাঁরা ভিনদেশি পণ্য কিনতে যাবেন, তাঁদের নিশ্চিত হতে হবে, যে প্যাভিলিয়নে বা স্টলে ঢুকেছেন, সেটি আসলেই ভিনদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কি না।খাওয়ার আগে জানতে হবে দামবাণিজ্য মেলার ভেতরে যেসব রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকান থাকে, সেগুলোয় গিয়েই খাবার নিয়ে বসে পড়া ঠিক হবে না। আগে খাবারের দাম জেনে নেওয়া দরকার। কেননা, গলাকাটা দাম ধরে খাবারের দোকানগুলো। মেলায় যদি খেতেই হয়, তবে ভোগ্যপণ্য উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন কিংবা স্টলে যাওয়াই ভালো। কারণ সেগুলোতে কেউ খাদ্য-খাবার বিক্রি করছে পাইকারি দরে, কেউ বা দামে দিচ্ছে বিশেষ ছাড়। মেলায় প্রদর্শিত ভোগ্যপণ্য উৎপাদনকারীদের খাবার খেলে আরেকটা লাভ হচ্ছে গুণে-মানেও নিশ্চিত থাকা যায়।সুলভে দেশীয় পণ্যদেশে উৎপাদিত পণ্য দেশে-বিদেশে জনপ্রিয় করার লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়ে থাকে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা জানান। তাঁদের অবহেলায় মেলা অবশ্য সেই লক্ষ্য ছাপিয়ে বারোয়ারি রূপ নিয়েছে। দেশি-বিদেশি নিম্নমানের পণ্যের স্টলের ভিড়ে তাই অনেক ক্রেতা রপ্তানিযোগ্য দেশীয় পণ্যের প্যাভিলিয়ন ও স্টলের দিকে আর যেতে পারেন না। মেলায় একটু চোখ-কান খোলা রাখলেই দেশে উৎপাদিত রপ্তানি মানসম্পন্ন পণ্যের দেখা মিলবে। এতে একদিকে দেশীয় পণ্যের প্রসারে সহায়তা করাও হবে, আরেক দিকে ভালো মানের পণ্যটাও কেনা যাবে। এ জন্য কেনা যেতে পারে মেলায় প্রদর্শিত পাট ও তাঁতের পণ্য। এ ছাড়া দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের প্যাভিলিয়ন থেকে কেনা যাচ্ছে তৈজপত্র, বস্ত্র, ভোগ্যপণ্য ও প্রসাধনসামগ্রী। মেলায় এগুলো দামে যেমন সুলভ, তেমনি মানেও ভালো।সাবধানের মার নেইযাঁরা রাতের বেলায় মেলা থেকে বের হয়ে বাসার পথ ধরবেন, তাঁদের পথ সম্পর্কে সতর্ক হতে হবে। কারণ শেরেবাংলা নগরের ভেতরের দিকে রাস্তার নির্জনতা আর অন্ধকারকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠতে পারে ছিনতাইকারীরা। তাই রাত বেশি হলে ভেতরের দিকের রাস্তায় না ঢোকাই ভালো। আবার মেলায় ভিড়ের মধ্যে পকেটমারের আনাগোনা থাকতে পারে। তাই মানিব্যাগ আর মুঠোফোন রাখতে হবে সাবধানে।যাঁরা ছোটদের সঙ্গে নিয়ে মেলায় যাবেন, তাঁদের খেয়াল রাখতে হবে, শিশুটি যাতে চোখের আড়াল হয়ে না যায়। ভিড়ের মধ্যে শিশুটি হারিয়ে গেলে খুঁজে পেতে বিপাকে পড়তে হবে। তবে কারও শিশু হারিয়ে গেলে মেলার আয়োজকদের কার্যালয়ে গিয়ে হারানোর খবরটি মাইকে প্রচার করতে পারেন। কেউ অন্য কারও শিশু, টাকা ও মুঠোফোন পেলেও একই জায়গায় গিয়ে মাইকে সে বিষয়ে প্রচারণা চালাতে পারেন। যাঁরা স্বাস্থ্যসচেতন, তাঁরা মেলায় যাওয়ার আগে মুখোশ (মাস্ক) নিয়ে নিতে পারেন। মেলায় ধুলোবালির প্রকোপ থেকে বাঁচতে তা কাজে লাগানো যাবে।