বাণিজ্য মেলায় ছয় দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার কয়েকটি দোকানে আজ মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে মেলার ছয়টি দোকান (স্টল) ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে বাণিজ্য মেলার উত্তর পাশে একটি খাবারের দোকানে হঠাত্ আগুন লাগে। এ আগুন ছড়িয়ে পাশের আরও কয়েকটি দোকানে লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে খাবারের দোকানটিসহ তিনটি দোকান পুড়ে যায়। আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয় আরও তিনটি দোকান। সূত্র জানায়, বাণিজ্য মেলার প্রথম দিনে অগ্নিকাণ্ডের ঘটনায় মেলায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর মুহম্মদ মাহবুব প্রথম আলো ডটকমকে বলেন, দোকানগুলো হার্ডবোর্ড দিয়ে তৈরি বলে আগুন দ্রুত ছড়িয়েছে। খাবারের দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।