বাণিজ্য মেলায় নকল হাজির বিরিয়ানিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির নাম ভাঙিয়ে স্টল দেওয়ায় এবং খাবারে নিষিদ্ধ রং ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত বাণিজ্য মেলায় অভিযান চালান। মেলায় হাজির বিরিয়ানির নাম ভাঙিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল নিউ হাজি ও লোকমান হাজি বিরিয়ানি। এ ছাড়া নিউ হাজি বিরিয়ানি মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় এবং খাবারে নিষিদ্ধ রং ব্যবহার করায় আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। লোকমান হাজি বিরিয়ানিকে মিথ্যা বিজ্ঞাপন ও নান-রুটি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের হাজির বিরিয়ানি লেখা সাইনবোর্ড কেটে ফেলা হয়।এরপর ফখরুদ্দীন বিরিয়ানি ঘরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে ফখরুদ্দীন মিনারেল ওয়াটার নামক পানির বোতলে ‘সর্বোচ্চ খুচরা মূল্য’ লেখা না থাকায় ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন প্রথম আলোকে বলেন, মিথ্যা বিজ্ঞাপন দেওয়া এবং খাবারে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করায় বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন, বাণিজ্য মেলার আয়োজক, র্যাব-২ ও শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল।