বাণিজ্য ৬০০ মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলারে নিতে চায় তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিবছর এক বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় তুরস্ক। এর অংশ হিসেবে এ বছর ঢাকা-ইস্তাম্বুল সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে। দুই দেশের মধ্যে বর্তমানে প্রতিবছর ৬০০ মিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে।অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি, পোশাকশিল্প, পর্যটন ও কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সফররত তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের বৈঠকে বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আবদুল্লাহ গুল এ বিষয়ে তাঁর দেশের আগ্রহের বিষয়টি উল্লেখ করেন। দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ কীভাবে বাড়ানো হবে জানতে চাইলে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘দুই দেশের মধ্যে বর্তমানে প্রতিবছর ৬০০ মিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। এর পরিমাণ বাড়িয়ে আমরা এক বিলিয়ন ডলারে নিতে চাই। বেসরকারি খাতের উদ্যোক্তাদের মাধ্যমে এটি করা হবে।’ তাঁর সফরসঙ্গী হিসেবে শীর্ষস্থানীয় একটি প্রতিনিধিদল এসেছে উল্লেখ করে গুল জানান, বাংলাদেশের কোন খাতে ও কীভাবে বিনিয়োগ করা যায়, সেটা তারা খতিয়ে দেখবে। তা ছাড়া বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে তিনি দেশে ফিরে খুব শিগগির দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর জন্য পদক্ষেপ নেবেন। অন্যদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য গত বছর ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। শুল্ক ও অশুল্ক বাধা দূর করার মাধ্যমে তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের আরও বেশি প্রবেশ নিশ্চিত করা গেলে বাণিজ্যের পরিমাণ বাড়তে পারে।আনুষ্ঠানিক বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল তাঁর সম্মানে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। এর আগে দুই দিনের সফরে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছালে আবদুল্লাহ গুলকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তুরস্কের প্রেসিডেন্টকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান মুম্বাই থেকে দুপুর আড়াইটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আবদুল্লাহ গুল ও তাঁর স্ত্রী হায়রুন্নেসা গুলকে স্বাগত জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তাঁর মেয়ে তনিমা রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট তুরস্কের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়। আবদুল্লাহ গুল বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি স্মৃতিসৌধ চত্বরে একটি বকুলগাছের চারাও রোপণ করেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেলে আবদুল্লাহ গুলের সঙ্গে তাঁর হোটেল স্যুইটে দেখা করেন। এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, যাতে প্রাধান্য পায় অর্থনৈতিক সহযোগিতা।তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ঢাকায় এসেছে ১৮০ সদস্যের একটি প্রতিনিধিদল। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রেকাপ আকদাগ, পরিবহনমন্ত্রী বিনালি ইয়ুলদিরিম, ধর্ম প্রতিমন্ত্রী মেহমেত আয়দিন, এমপি, মেয়র, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ৮০ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী।