বাণিজ্যমন্ত্রী বললেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে সেই অনুপাতে দ্রব্যের মূল্য এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মূল্য আরও সহনীয় পর্যায়ে রাখার। ২০২০ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। জাতির জনকের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকবে না। সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বের নেতৃত্ব দেবে।’আজ শনিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরের এসজে স্কুলমাঠে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান এসব কথা বলেন।ফারুক খান বলেন, ‘১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলেও আমরা সত্যিকারের বিজয় পেয়েছি জানুয়ারিতে। সেদিন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু বাংলায় ফিরে এসেছিলেন। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হবে। বাঙালি জাতি বীরের জাতি হিসেবে সারা বিশ্বে তাদের কৃতিত্ব দেখিয়েছে এবং দেখাবে।’শিক্ষার্থীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, সোনার বাংলায় সোনার ছেলেমেয়েতে ভরে উঠলেই বাঙালি জাতি আগামী পাঁচ বছরে বিশ্বের সেরা ১০ দেশের মধ্যে অন্যতম দেশ হবে। বিশ্বের অনেক দেশে এখন নেতৃত্ব দিচ্ছে বাঙালিরা। ডিজিটাল বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে।এসজে স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান, সহকারী প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।