বাণিজ্যমন্ত্রীকে দায়িত্বহীন কথা না বলার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বশীল জায়গায় থেকে কাণ্ডজ্ঞানহীনের মতো কথা না বলার জন্য বাণিজ্যমন্ত্রী ফারুক খানের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের।আজ শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ কামালের জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, হঠাৎ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার সাধারণ মানুষ এমনিতেই অসহায় অবস্থায় রয়েছে। এখন সরকারের পক্ষ থেকে যদি কোনো নেতিবাচক বক্তব্য দেওয়া হয়, তা হলে সাধারণ মানুষের কাছে তা অসহ্য হয়ে উঠবে। তিনি বলেন, রমজানের শুরুতেই হঠাত্ কেন জিনিসপত্রের দাম বেশি বেড়ে গেল, সে বিষয়টি সরকারকে খতিয়ে দেখতে হবে। সেই সঙ্গে ইফতারি, তারাবির নামাজ এবং সেহরির সময় কেন বিদ্যুত্ চলে যায় সে বিষয়টিও তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেন, আদালতকে রাজনীতির মাঠ বানাবেন না। যারা আদালতকে সম্মান করে না, তারা নিজেরা নিজেদের সম্মান করতে জানে না বলেও মন্তব্য করেন তিনি।শেখ কামালের স্মৃতিচারণা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, নতুন প্রজন্মকে তাঁর জীবন থেকে শিক্ষা নিতে হবে। বর্তমান সময়ের তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল হতে পারেন। তিনি বলেন, শেখ কামালের চরিত্র হননের জন্য নানাভাবে চেষ্টা করা হলেও চক্রান্তকারীরা সফল হতে পারেনি। তাঁর নামে দেশে-বিদেশের কোথাও ৩৬ বছরে কেউ ৩৬ টাকাও খুঁজে পায়নি।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংসদ র আ ম উবায়দুর মোক্তাদীর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। খবর বাসস।