বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। আজ রোববার সকালে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের বেঞ্চে এ মামলা করা হয়। আগামী মঙ্গলবার এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে হস্তক্ষেপের অভিযোগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ মামলাটি দায়ের করেন।এর আগে গত বুধবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত সিটি গ্রুপের স্থাপনা অপসারণ না করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলায় বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠায় সংগঠনটি।আইনজীবী মনজিল মোরশেদ প্রথম আলোকে জানিয়েছিলেন, বাণিজ্যমন্ত্রী ২২ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী ও সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেওয়া এক চিঠিতে সিটি গ্রুপের জেটি অপসারণ না করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ চিঠি দেওয়া আদালতের রায় বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ এবং রায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। ২৪ ঘণ্টার মধ্যে ওই চিঠি দেওয়ার কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে তিনি জানান। নোটিশে বলা হয়, ঢাকার চারপাশের চারটি নদী রক্ষার জন্য জনস্বার্থে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুলাই হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। সর্বশেষ গত ২৪ জানুয়ারি দেওয়া অপর এক আদেশে আদালত এক মাসের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরুর নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক নদীর সীমানায় অবস্থিত সিটি গ্রুপের স্থাপনা ও তিনটি পাকা জেটি অপসারণের নির্দেশ দেন।