বাণিজ্যিক কেন্দ্র থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশিনির্বিশেষে সব বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরকার ৩০ শতাংশ বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাকি বিদ্যুৎ উদ্যোক্তা বা বিনিয়োগকারীকে নিজস্ব উদ্যোগে গ্রাহক ঠিক করে বিক্রি করতে হবে।জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, একেকটি কেন্দ্র যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে, তার ৩০ শতাংশ পর্যন্ত সরকারি খাতের বিতরণ কোম্পানিগুলো নির্ধারিত দামে কিনে নেবে।মন্ত্রণালয় সূত্র জানায়, গত দুই দিনে বিনিয়োগে আগ্রহী কয়েকজন দেশীয় উদ্যোক্তা এবং আরও কয়েকজন দেশীয় প্রতিনিধির মাধ্যমে কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ে খোঁজখবর নিয়েছেন। খোঁজখবরের ধরন দেখে মন্ত্রণালয় সূত্রের মনে হয়েছে, তারা এখনো ভাবতে পারছে না যে বাংলাদেশে এ ধরনের একটি উন্মুক্ত বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় একজন দেশি ও একজন বিদেশি আগ্রহী বিনিয়োগকারী প্রথম আলো কার্যালয়ে ফোন করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাঁদের জানার মূল বিষয় ছিল, বিনিয়োগ করতে চাইলে এখন তাঁরা কোথায় যাবেন, কীভাবে, কার কাছে প্রস্তাব দেবেন ইত্যাদি।সরকারি সূত্রগুলো জানায়, ‘বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধির নীতিমালা ২০০৮-এর অধীনে বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সরকার সবার জন্য উন্মুক্ত করেছে। এখন এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স নিয়ে বেসরকারি খাতে যেকোনো আগ্রহী বিনিয়োগকারী বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারবেন।এসব কেন্দ্র স্থাপিত হবে অযাচিত (আনসলিসিটেড) প্রস্তাবের ভিত্তিতে। অর্থাৎ এসব কেন্দ্র স্থাপনের জন্য সরকার কোনো আগ্রহ প্রকাশ বা দরপত্র আহ্বান করবে না। আগ্রহী বিনিয়োগকারী সরকারের কাছে (পিডিবি বা বিদ্যুৎ মন্ত্রণালয়) প্রস্তাব দেবেন। ওই প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে গ্রহণযোগ্য বিবেচিত হলে কেন্দ্র স্থাপনে অনুমোদন দেওয়া হবে। এসব কেন্দ্র থেকে সরকারি বিতরণ কোম্পানিগুলো বিইআরসির নির্ধারিত দামে বিদ্যুৎ কিনবে। এ জন্য বিইআরসি সম্প্রতি দামও (অঞ্চলভিত্তিক বেঞ্চমার্ক বাল্ক ট্যারিফ) নির্ধারণ করেছে।