বাণিজ্যিক প্র্রচারে কমিউনিটি রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার কমিউনিটি রেডিও চালুর অনুমোদন দিয়েছিল উন্নয়ন ও কৃষিবিষয়ক তথ্য তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু নীতিমালা ভেঙে অধিকাংশ কমিউনিটি রেডিও বাণিজ্যিক ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত অনুমতি পাওয়া ১৪টি কমিউনিটি রেডিওর বেশির ভাগেই প্রাধান্য পাচ্ছে গানসহ বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠান। উন্নয়নমূলক ও সেবাসংশ্লিষ্ট বিজ্ঞাপনের নামে প্রচার করা হচ্ছে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন।নীতিমালা অনুযায়ী, বিশেষজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন না হওয়ায় কমিউনিটি রেডিওর কার্যক্রম ঠিকমতো তদারকি হচ্ছে না। দেওয়া হচ্ছে না প্রতিমাসে সরকারকে প্রতিবেদন।যোগাযোগ করা হলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘সরকারের কাছে এ ধরনের অভিযোগ এসেছে। কমিউনিটি রেডিওগুলো নীতিমালার বাইরে কাজ করছে কি না, সেটা খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’কয়েকটি কমিউনিটি রেডিওর স্টেশন ব্যবস্থাপকেরা অবশ্য বলছেন, রেডিওকে জনপ্রিয় করতে হলে বাণিজ্যিক অনুষ্ঠান প্রচারের বিকল্প নেই।নীতিমালায় যা আছে: কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালায় (২০০৮) বলা হয়েছে, প্রতিটি রেডিওর সম্প্রচার কর্মকাণ্ডের নিয়ন্ত্রণে থাকবে একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য কমিউনিটিকে সেবা দেওয়া। কমিউনিটি রেডিও সমগ্র জাতির উন্নতির পরিবর্তে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবে।নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, কমিউনিটি রেডিওর অনুষ্ঠানমালার বিষয়বস্তুর মধ্যে থাকবে কৃষি, বয়স্ক ও শিশু শিক্ষা, জেন্ডার ইস্যু, প্রাথমিক স্বাস্থ্য, পরিবেশ ও আবহাওয়া, সমাজকল্যাণ, বর্তমান বাজারদর, কৃষিজাত পণ্যের চাহিদা, গ্রামীণ এবং এলাকাভিত্তিক উন্নয়ন, শিশুর যত্ন, মাতৃস্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা। এ ছাড়া বাংলাদেশ বেতারের জাতীয় সংবাদ, স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য দিতে হবে।নীতিমালা অনুযায়ী, কমিউনিটি রেডিওতে যেকোনো ধরনের রাজনৈতিক বিষয় সম্প্রচার, সব ধরনের নির্বাচনী প্রচার ও বিজ্ঞাপন কঠোরভাবে নিষিদ্ধ। এই রেডিও শুধু দেশি-বিদেশি রেকর্ডকৃত বিনোদনমূলক ও প্রামাণ্য অনুষ্ঠান বেতার সেন্সর নীতিমালা অনুসরণ সাপেক্ষে সীমিতভাবে প্রচার করতে পারবে। বিদেশি সম্প্রচার সংস্থা বা চ্যানেলের সংবাদ ও চলতি ঘটনাভিত্তিক অনুষ্ঠান, আলোচনা ও টক শো সরাসরি বা রেকর্ড করে সম্প্রচার করতে পারবে না। কেবল উন্নয়নমূলক সেবাসংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রচার করা যাবে এবং নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে হবে।প্রসঙ্গত, প্রতিটি কমিউনিটি রেডিও স্টেশনের ব্যাপ্তি এর অবস্থানকে কেন্দ্র করে চারদিকে ১৭ কিলোমিটার।যা প্রচারিত হচ্ছে: চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’য় নিয়মিত প্রচার করা হচ্ছে শহরের ব্যবসাপ্রতিষ্ঠান কারুকা কম্পিউটার, সততা ক্রোকারিজ, প্রয়াস মধু, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার, আইএফআইসি ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপন। এ ছাড়া উন্নয়ন সংবাদের বাইরে সব ধরনের সংবাদ প্রচারের অভিযোগ আছে। ‘শিশুকণ্ঠ’ ছাড়া অনুষ্ঠানমালায় রেডিও মহানন্দার প্রযোজিত কোনো অনুষ্ঠান নেই। অনুষ্ঠানটি মাসে মাত্র একবার প্রচারিত হয়। এ ছাড়া সারা দিনই বাজানো হয় গান।উপদেষ্টা কমিটি না থাকায় রেডিওর কার্যক্রম দেখভাল করা হচ্ছে না। প্রতিমাসে সরকারকে প্রতিবেদনও জমা দিচ্ছে না মহানন্দা। তবে রেডিও মহানন্দার কর্মকর্তা আনোয়ার হোসেন দাবি করেছেন, মহানন্দার প্রযোজনায় দৃষ্টিপাত, আমাদের ক্যাম্পাস, আমাদের সংস্কৃতি প্রচার করা হয়। রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন বলেন, ‘নীতিমালা মেনেই বিজ্ঞাপন প্রচার করা হয়। উপদেষ্টা কমিটি গঠন করার দায়িত্ব সরকারের।’কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্থাপিত কমিউনিটি রেডিও ‘রেডিও নাফ’। নাফের স্লোগান ‘আরাঁর হতা আরাঁ হই’। টেকনাফ ডিগ্রি কলেজের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, কমিউনিটি রেডিও চালুর উদ্যোগে এলাকাবাসী খুব আশ্বস্ত হয়েছিল। তারা আশা করেছিল, জেলেরা আবহাওয়ার তথ্য পাবে। সেই সঙ্গে পাবে কিছু বিনোদন। কিন্তু নাফ বিজ্ঞাপন প্রচারে বেশি ব্যস্ত। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে তিন নম্বর সতর্কসংকেত দেওয়া হলেও নাফ ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত প্রচার করেনি। তবে স্টেশন ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেছেন, খুব শিগগির তাঁরা নীতিমালা অনুযায়ী অনুষ্ঠান প্রচারে সচেষ্ট হবেন।ঝিনাইদহের কমিউনিটি রেডিও ঝিনুকের যাত্রা শুরু ২০১১ সালের নভেম্বরে। শহরের পবহাটি এলাকায় এর কার্যালয়। সরাসরি অনুষ্ঠান ফোনে গানের অনুরোধ এবং সিনেমার গান প্রচারিত হচ্ছে বেশি সময়জুড়ে। নারী ও কৃষিবিষয়ক অনুষ্ঠানের নির্ধারিত সময়ে প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। সকালে কৃষিতথ্যের জন্য সময় মাত্র দুই মিনিট। আর নারীদের নিয়ে অনুষ্ঠান ‘জাগো নারী’ প্রচারিত হয় মাসে মাত্র এক দিন, আধঘণ্টার জন্য। নীতিমালার বিষয়টি স্মরণ করিয়ে দিলে ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার প্রথম আলোকে বলেন, ‘গ্রামগঞ্জে কৃষকের হাতে রেডিও নেই। তাই কৃষিভিত্তিক অনুষ্ঠান প্রচার করলেও কোনো কাজে আসবে না।’ তাঁর মতে, ‘রেডিও জনপ্রিয় করতে হলে বাণিজ্যিক অনুষ্ঠান প্রচার করতে হবে।’ রেডিও নলতা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতায় কাজ শুরু করে ২০১১ সালের ১৩ জুলাই। এই রেডিও উন্নয়ন ও সেবামূলক বিজ্ঞাপনের নামে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করছে। মৎস্য খামার, হ্যাচারি পোনা বিক্রি, স্থানীয় তৈরি পণ্য, রেফ্রিজারেটর মেরামত, ক্লিনিক, দোকানের বিজ্ঞাপন প্রচার করছে। রেডিও নলতার স্টেশন ম্যানেজার আবু সুফিয়ান দাবি করেছেন, এসব বিজ্ঞাপন প্রচারে বাধা নেই। রাজশাহীর কমিউনিটি রেডিও পদ্মার যাত্রা শুরু গত বছরের ৭ অক্টোবর। শুরুর দিকে দিনের অধিকাংশ সময় গানবাজনা প্রচার করা হতো। এখন তথ্য ও বিনোদনমূলক বাণিজ্যিক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে দিনে তিন ঘণ্টা। আর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে দিনে ১৫ মিনিট। রেডিও পদ্মার শ্রোতা রাজশাহী কলেজের শিক্ষার্থী পার্থ ঘোষ বলেন, ‘পদ্মা এখন কমিউনিটির স্বার্থ বাদ দিয়ে বাণিজ্যিক অনুষ্ঠানের দিকে ঝুঁকেছে। এদের ভাষার ব্যবহারও আপত্তিকর।’যোগাযোগ করা হলে পদ্মার প্রধান সমন্বয়কারী বেসরকারি সংস্থা সিসিডির পরিচালক জি এম মুরতুজা বলেন, ‘আমাদের বাণিজ্যিক অনুষ্ঠানগুলো সবই কমিউনিটির তথ্যভিত্তিক। এগুলো নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক নয়।’ সংসদীয় কমিটির উদ্বেগ: নীতিমালা ভেঙে কমিউনিটি রেডিওগুলো বাণিজ্যিক ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করায় তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। গত ৭ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিউনিটি রেডিওগুলোর প্রচার-প্রচারণার ক্ষেত্রে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কি না, সে বিষয়ে তদারক করে কমিটির পরবর্তী বৈঠকে মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্য শাহরিয়ার আলম বলেন, ‘কমিউনিটি রেডিওর লাইসেন্স দেওয়া হয়েছে তৃণমূল মানুষের সমস্যাসংকট তুলে ধরার জন্য। কিন্তু বর্তমানে এগুলো এফএম রেডিওর মতো বাণিজ্যিক ভিত্তিতে চলছে। এভাবে চলতে দেওয়া যায় না।’[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ; আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী; কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা; আজাদ রহমান, ঝিনাইদহ এবং গিয়াস উদ্দিন, টেকনাফ (কক্সবাজার)]