বাণিজ্যিক ব্যাংকের পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখায় লেনদেন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্প-সংশ্লিষ্ট শাখায় আজ শনিবার লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শাখাগুলো খোলা রাখা হয় বলে জানা গেছে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বাণিজ্যিক ব্যাংকের পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখাগুলো আজ খোলা রাখার ব্যাপারে গত বৃহস্পতিবার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনায় ব্যাংকগুলোর ঢাকা মহানগর, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। বিজিএমইএর অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয় বলে নির্দেশনায় বলা হয়।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে আজ বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখাও খোলা রয়েছে।এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা নিয়ন্ত্রণ বিভাগের (বিসিডি) কর্মকর্তা আহসান হাবীব বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখা হয়েছে।জনতা ব্যাংক লিমিটেডের লোকাল অফিসের মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভাগ, আমদানি-রপ্তানি বিভাগ ও ক্লিয়ারিং বিভাগ আজ খোলা থাকে। এসব বিভাগে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে অফিসে আসেন।