বাণিজ্যিকভাবে বাগমারায় আলুর চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আলুর চাষে পরিবর্তন এসেছে। এখানে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আলুর চাষ। এতে করে অতিরিক্ত ২৫ ভাগ উত্পাদন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যবসায়ী ও চাষিরাও লাভবান হচ্ছেন।বাগমারায় দীর্ঘদিন ধরে চাষিরা নিজেদের জমিতে আলুর চাষ করে আসছেন। কখনো কৃষি অফিসের পরামর্শ আবার কখনো নিজেদের প্রযুক্তি ও চাষ-পদ্ধতি ব্যবহার করে আলু উত্পাদন করেন তাঁরা। এতে যা ফলন পান তাতেই খুশি ছিলেন চাষিরা। তবে বিগত বছরগুলোতে দিনমজুরি, কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশকের মূল্য বৃদ্ধি ও সংকটের জন্য চাষিরা আলুর চাষে হতাশ হয়ে পড়েন। উত্পাদন খরচ না ওঠায় তাঁরা আলুর চাষ থেকে বিমুখ হতে শুরু করেন। তবে চাষিরা চাষ থেকে সরে আসতে শুরু করলেও আলু চাষ থেমে থাকেনি। একশ্রেণীর ব্যবসায়ীরা বাণিজ্যিকভাবে আলুর চাষে ঝুঁকে পড়েন। উপজেলায় এবার ৪০ ভাগ আলুর চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাগমারায় এবার ১২ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উপজেলার গণিপুর, শ্রীপুর, মাড়িয়া, ঝিকড়া, বাসুপাড়া, শুভডাঙ্গা, আউচপাড়া, বড়বিহানালী ও দ্বীপপুর ইউপি এলাকায় আলুর চাষ হয়েছে বেশি। এর মধ্যে ৬০ ভাগ আলুর চাষ করেছেন চাষিরা। নিজস্ব অথবা বর্গা নেওয়া জমিতে এ পরিমাণ আলুর চাষ করেছেন তাঁরা। আর ৪০ ভাগ জমিতে আলুর চাষ হয়েছে বাণিজ্যিকভাবে। ব্যবসায়ীরা জমির মালিকদের কাছে থেকে শুধু এক ফসলের জন্য জমি ইজারা নিয়ে তাতে আলুর চাষ করছেন। উপজেলার গণিপুর, শ্রীপুর, নরদাশ, আউচপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে বাণিজ্যিকভাবে আলুর চাষ করতে দেখা যায়। গণিপুরের বাগমারার কুচিয়ামারা বিলে ১০০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আলুর চাষ করছেন শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী মকবুল হোসেন মৃধা।একই বিলে বাণিজ্যিকভাবে আলুর চাষ করছেন খাজাপাড়ার মাহাবুর রহমান। ব্যবসায়ী মকবুল হোসেন মৃধা জানান, এ বছর ব্যাপকভাবে বাণিজ্যিক ভিত্তিতে আলুচাষ শুরু করেছেন। তিনি জানান, চাষিদের কাছ থেকে জমি নিয়ে আলুর চাষ করছেন। এতে উত্পাদন বেশি হবে বলে আশা করছেন। আক্কাছ আলী জানান, তিনি বাগমারার বিভিন্ন স্থানে দেড় শ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আলুর চাষ করছেন।ব্যবসায়ী আসর আলী, ইউসুফ আলী, রফিকুল ইসলাম, আহসান, মাহাবুর রহমান জানান, তাঁরা এবার বাণিজ্যিকভাবে আলুর চাষ শুরু করেছেন। চাষিরা আলুচাষে আগ্রহ হারিয়ে ফেলায় তাঁরা এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। তাঁদের ভাষ্য মতে, তাঁরা আলুচাষ না করলে জমিগুলো পরিত্যক্ত থাকত কিংবা সরিষা বা অন্য কোনো ফসল চাষাবাদ হতো।বাগমারার চাষি সিদ্দিকুর রহমান জানান, বীজ, সার, কীটনাশক, দিনমজুরির দাম বাড়ার কারণে তাঁরা আলুর চাষ করতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাঁদের চাষাবাদের খরচ তোলাই অসম্ভব হতো। এ কারণে এক ফসলের জন্য জমি ইজারা দিয়েছেন আলুর চাষের জন্য। বাগমারা পশ্চিমপাড়ার প্রান্তিক চাষি দবির উদ্দিন বলেন, ‘আলুচাষ কইর্যা খরচ তোলা যাবে না তাই জমি দিইয়্যা দিইছি।’ আগের মতো আলুচাষে এখন আর লাভ হয় না বলেই তাঁরা জমি ব্যবসায়ীদের কাছে দিয়েছেন। তাঁরা জমির ভালো দাম পেয়েছেন বলে জানিয়েছেন।ব্যবসায়ীরা জানান, তাঁরা বাণিজ্যিকভাবে আলুর চাষ করায় অতিরিক্ত আলুর উত্পাদন হচ্ছে। এতে করে এলাকার আলুর বাজার নিয়ন্ত্রণ করা যাবে। এলাকার হিমাগারে আলু সংরক্ষণ করে চাহিদা মেটানোও সম্ভব হবে বলে তাঁদের অভিমত। ব্যবসায়ী মকবুল হোসেনের মতে, তাঁরা পরিকল্পিতভাবে আলুর চাষ করেন। এতে করে ফলন বেশি হয়। তাঁরা বেশি খরচ করে অধিক পরিমাণে উত্পাদন করতে পারেন। তিনি জানান, সাধারণ চাষিরা এক বিঘা জমিতে সর্বোচ্চ ৬০ মণ আলু উত্পাদন করতে পারেন আর তাঁরা পারেন ৮৫ থেকে ৯০ মণ। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর বারিকও একই কথা বলেন। বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর বলেন, বাগমারায় এবার মোট চাষের শতকরা ৪০ ভাগ জমিতে বাণিজ্যিকভাবে আলুচাষ শুরু হয়েছে। এতে উত্পাদন বাড়বে। আলুর চাহিদা পূরণ করা যাবে। অনেক চাষি ভয়ে আলুচাষ করতে চান না। তাঁদের ভীতি দূর করেছেন ব্যবসায়ীরা। বাগমারায় বাণিজ্যিকভাবে আলুচাষের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত আলু উত্পাদন করা যাবে।