বাণিজ্যে স্বচ্ছ নীতির প্রতিষ্ঠা চান ওবামা
বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ নীতি প্রতিষ্ঠায় ওয়াশিংটন ও তার প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীকে একসঙ্গে কাজ করতে হবে। আজ মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে সাক্ষাত্কালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।তিন দিনের দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে ওবামা এখন নমপেনে অবস্থান করছেন। তিনি সেখানে আসিয়ান দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। ওবামা এমন এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়া সফর করছেন, যে সময় যুক্তরাষ্ট্র বার বার চীনের অবৈধ বাণিজ্য চর্চার বিষয়ে বলছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য, চীন এমন এক জায়গায় এই চর্চা চালাচ্ছে, যেখানে মালিকানা বিষয়ক বিরোধে বেইজিং জড়িত। বৈঠকে অর্থনৈতিকভাবে শক্তিধর দুই দেশের মধ্যে বিদ্যমান ভিন্নতা ও মতপার্থক্যের কথা স্বীকার করে নেন চীনের প্রধানমন্ত্রী। তবে, তিনি বলেন বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মধ্যদিয়ে এ ভিন্নতা দূর করা সম্ভব। এর আগে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার সঙ্গে বৈঠক করেন ওবামা। এ সময় ওবামার উদ্দেশে নোদা বলেন, পূর্ব এশিয়াজুড়ে যে নিরাপত্তা সঙ্কট তৈরি হয়েছে, এর মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাপানের বন্ধুত্ব আরও জোরদার করা প্রয়োজন। আজ বিকেলে পূর্ব এশিয়ার বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা সংক্রান্ত বিতর্ক নিয়ে আজ রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে ওবামার। ওই বৈঠকে আসিয়ান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা উপস্থিত থাকবেন।আসিয়ানের সম্মেলনে যোগ দিতে গতকাল সন্ধ্যায় মিয়ানমার থেকে কম্বোডিয়ার রাজধানী নমপেন পৌঁছান ওবামা। সেখানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে মানবাধিকার নিয়ে আলোচনা করেন তিনি।