বাতাসে ক্ষতিকর ধূলিকণার ওড়াউড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাতাসে ক্ষতিকর উপাদানের কমতি নেই। কার্বন মনোক্সাইড, সিসা, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই-অক্সাইডসহ আরও কত কী উপাদান নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি হয়ে আছে। দৃশ্যমান ধুলাবালু তো আছেই, আরও আছে বস্তুকণা যা খালি চোখে ধরা পড়ে না। ধুলা থেকে রক্ষা পেতে নাগরিকদের নানা উদ্যোগ-আয়োজন দেখা যায়। সড়কে বের হলেই কেউ মুখোশ দিয়ে ঢেকে রাখছে নাক-মুখ। কেউ আবার ঝাড়ু দিয়ে কিংবা পানি ছিটিয়ে ধুলা থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ নগরের বাতাসে অসহনীয় মাত্রায় থাকা ধুলাবালু আর বস্তুকণা কমাতে এগিয়ে আসছে না নগরের কোনো কর্তৃপক্ষই। দৃশ্যমান ধুলাবালু কমাতেও সাফল্য দেখাতে পারছে না ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। আর বাতাস থেকে সব রকমের বস্তুকণা কমানোর বিষয়টি এখনো রয়ে গেছে সমীক্ষার পর্যায়ে।ধুলার রাজ্যগ্রিন রোড থেকে গার্ডেন রোডে গাড়ি ঢুকতেই দেখা যায় ধূলিঝড়। পথচারী ও রিকশার যাত্রীরা হাত, রুমাল কিংবা অন্য কোনো কাপড় দিয়ে নাক চেপে ধরে ধুলা থেকে বাঁচার চেষ্টা করে। আর গার্ডেন রোডের দোকানিরা নিজেরা ও তাঁদের দোকানের পণ্য ধুলা থেকে বাঁচাতে সকাল-বিকেল পানি ছিটান। এমনই একজন ১৭/১ গার্ডেন রোডের এস আহমেদ ফার্মেসির স্বত্বাধিকারী জালাল উদ্দিন। তিনি বলেন, রাস্তাটা বহু জায়গায় ভাঙা। সেসব জায়গা থেকে ধুলা উৎপন্ন হয়। আবার নির্মাণাধীন বাড়ি থেকে আসা উচ্ছিষ্ট থেকেও ধুলাবালুতে ভরে যাচ্ছে সড়ক।ঢাকা শহরের বুকজুড়ে রয়েছে অসংখ্য পিচঢালা পথ। এসব রাস্তা কাঁচা রাস্তার মতো ধুলায় ধূসরিত হয় কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ধুলার বেশ কয়েকটি উৎসের সন্ধান পাওয়া গেল। এর মধ্যে অন্যতম হচ্ছে রাস্তা খোঁড়াখুঁড়ি করে মাটি যত্রতত্র ফেলে রাখা এবং রাস্তা কাটার পর তা পাকা না করা। এ কারণে এখন ধুলায় ধূসর মিরপুরের মাজার রোড।ডিআইটি রোডে বিভিন্ন স্থানে প্রায়ই মাটির ছোটখাটো স্তূপ চোখে পড়ে। এই মাটি আসে কোত্থেকে, জানতে চাইলে ডিসিসির একজন পরিচ্ছন্নতাকর্মী জানালেন, রাতে ট্রাকে করে বালু বা মাটি নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে এগুলো পড়ে যায়। এদিকে উত্তরার প্রায় প্রতিটি সড়কেই যানবাহন চলার সময় ধুলা ওড়ে। এখানে সড়কগুলো যে নিয়মিত ঝাড়ুর ছোঁয়া পাচ্ছে না, তা দেখেই আঁচ করা যায়। যেসব সড়ক নিয়মিত ঝাড়ুর ছোঁয়া পায়, সেসব সড়কেও ধুলা উড়তে দেখা গেছে। জাতীয় সংসদ ভবনের পাশে রোকেয়া সরণিতে দেখা গেছে এই চিত্র। সেখানে মূলত সড়ক বিভাজকের ধুলা পড়ছে তার নিচে। অনেক পিচঢালা পথেও ধুলা উড়তে দেখা যায়। এ প্রসঙ্গে ডিসিসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, পিচের রাস্তায় যদি নির্মাণসামগ্রী ব্যবহারে ফাঁকি দেওয়া হয়, অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম উপকরণ ব্যবহার করা হয়, তবে পিচের রাস্তার ক্ষুদ্র ফোকর গলে রাস্তার ভেতর থেকেই ধুলাবালু বের হয়ে আসে। আবার কংক্রিটের রাস্তা ঢালাইয়ে যদি পর্যাপ্ত সময় এবং পানি দিয়ে ভেজানো না হয়, তবে সেই রাস্তায় কংক্রিট ক্ষয়ে কিংবা ভেঙে ধুলাবালু উৎপন্ন হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মনজুরুল হাসান বলেন, বাতাসের দূষণ কমানোর জন্য ঢাকায় এখন জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহূত হচ্ছে। অথচ এখানে জ্বালানি মূল বিষয় নয়। দেখতে হবে, যানবাহন ঠিক আছে কি না। নগরে যেসব যানবাহন চলছে, তার সবই পুরোনো। বাস ও ট্রাকগুলো ১০ থেকে ২০ বছরের পুরোনো। আবার সড়কে নিত্যনতুন যেসব ব্যক্তিগত গাড়ি নামছে, সেগুলোর বেশির ভাগই উন্নত দেশে ব্যবহারের অনুপযোগী হওয়ার পর এ দেশে আসছে। একই গাড়ি এক দেশের জন্য অনুপযোগী হয়ে পড়লে আরেক দেশে ব্যবহারের উপযোগী থাকে কী করে? পুরোনো যানবাহনে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করা হলে বস্তুকণা উৎপন্ন হয় আরও বেশি। ঢাকার বাতাসে ধূলিকণার পরিমাণ ভয়াবহ পরিমাণে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে পুরোনো যানবাহন। এ বিষয়ে একই রকম মত দেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) প্রকল্প পরিচালক আনিসুর রহমান।সহনীয় নয় মোটেই২০০৮ সালের নভেম্বরে যৌথভাবে পরিবেশ অধিদপ্তর ও ক্লিন এয়ার ইনিশিয়েটিভ-এশিয়া সেন্টার প্রণীত ‘ক্লিন এয়ার ইন বাংলাদেশ: সামারি অব প্রোগ্রেস অন ইমপ্রুভিং এয়ার কোয়ালিটি’ শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রতিবছরই বাতাসে অসহনীয় মাত্রায় ছিল বস্তুকণা। প্রতিবেদনে থাকা উপাত্ত অনুযায়ী, ২০০৭ সালে গড়ে ঢাকার বাতাসে পিএম২.৫ (২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণা) ছিল প্রতি ঘনমিটারে ৭০ মাইক্রোগ্রামেরও বেশি। অথচ বছরের গড় হিসাবে পরিবেশ অধিদপ্তরের সহনীয় মাত্রা ১৫ মাইক্রোগ্রাম। এ ক্ষেত্রে সহনীয় মাত্রার চেয়ে বস্তুকণা প্রায় পাঁচ গুণ বেশি। একই উপাত্ত অনুযায়ী, ওই বছর ঢাকার বাতাসে পিএম১০ (১০ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণা) ছিল ১৩০ মাইক্রোগ্রামের বেশি। অথচ এ ক্ষেত্রে অধিদপ্তরের সহনীয় মাত্রা ৫০ মাইক্রোগ্রাম।ঢাকা শহরের বায়ুতে বস্তুকণার পরিমাণ জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি কার্যক্রম চালিয়েছে। তারা স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে ২০০৭-০৮ সালে ঢাকার বাতাস থেকে বস্তুকণার পরিমাণ বের করেছে। তাতে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ঢাকায় প্রবাহিত বাতাসে পিএম২.৫ (ব্যাস ২.৫ মাইক্রোমিটার) বস্তুকণা বা ধূলিকণার পরিমাণ প্রতি ঘনমিটারে ১১০ মাইক্রোগ্রাম। পিএম২.৫-এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত সহনীয় মাত্রা ২৫ এবং যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি-নির্ধারিত সহনীয় মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ৬৫ মাইক্রোগ্রামকে সহনীয় মাত্রা হিসেবে নির্ধারণ করেছে। পরিবেশ অধিদপ্তরের এই সহনীয় মাত্রা হিসাবে ধরলে ঢাকার বাতাসে বস্তুকণা সহনীয় মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ।বস্তুকণা কমাতে নেই কার্যক্রমধুলা আর বস্তুকণা সহনীয় মাত্রার চেয়ে বেশি থাকায় শ্বসনতন্ত্র-সংক্রান্ত বিভিন্ন রোগে ভুগছে নগরবাসী। এ ছাড়া অনেকে দীর্ঘমেয়াদি হূদরোগ, উচ্চরক্তচাপ ও কিডনির সমস্যায় পড়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মনজুরুল হাসান জানান, মুখোশে নাক-মুখ ঢেকে রাখলে বস্তুকণার একটিমাত্র অংশ ধুলাবালু থেকে খানিকটা সুরক্ষা পাওয়া যায়। পুরোপুরি বাঁচতে হলে বাতাসে সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে এর পরিমাণ।অনুসন্ধানে জানা যায়, ঢাকার বাতাসের বস্তুকণার মধ্যে শুধু ধুলাবালু কমাতে কাজ করছে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। তবে সেই কাজটিতেও সাফল্য দেখাতে পারছে না তারা। সড়ক ঝাড়ু দিয়ে কিংবা কালেভদ্রে পানি ছিটিয়ে ধুলা কমানোর যে চেষ্টা করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে স্বীকার করছে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর নগরের বাতাসে বস্তুকণার পরিমাণ কেমন, তা নির্ণয় করতেই পার করছে বছরের পর বছর। কিন্তু নগরের বাতাসে বস্তুকণার পরিমাণ সহনীয় মাত্রায় নিয়ে আসতে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম নেওয়া হয়নি। অবশ্য বায়ুদূষণ কমাতে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প নিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়, যার নাম দূষণমুক্ত বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প। এ প্রকল্পের অংশ হিসেবে যানবাহনের কালো ধোঁয়া থেকে নগরকে মুক্ত করতে কাজ করবে ডিসিসি ও ডিটিসিবি। একই প্রকল্পের মাধ্যমে ঢাকার বাতাসে বস্তুকণার পরিমাণ সহনীয় মাত্রায় নিয়ে আসতে কোনো কাজ করা হবে কি না জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) এবং কেইস প্রকল্পের সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, প্রকল্পের মাধ্যমে মূলত বাতাসের দূষণের অবস্থা নির্ণয় করা হবে। এ ছাড়া বায়ুদূষণের কারণ এবং তা কমানোর বিভিন্ন উপায় চিহ্নিত করা হবে। কিন্তু প্রকল্পের মাধ্যমে বায়ুদূষণ কমাতে প্রত্যক্ষভাবে কোনো কাজ করা হবে না। কারণ, এসব কাজ করার জন্য আরও প্রতিষ্ঠান আছে। যেমন পুরোনো কিংবা ফিটনেসবিহীন যানবাহন ঢাকা থেকে কমাতে হলে বিআরটিএকে উদ্যোগী হতে হবে। নগর থেকে এ ধরনের যানবাহন কমানো হলেই বায়ুদূষণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে তিনি মনে করেন।