বাতাসে লাশের গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্পূরের ঝাঁজালো নির্যাসে মিশেছে তীব্র মিষ্টি বায়ুশোধকের ঘ্রাণ। থেকে থেকে তার সঙ্গে মেশে গলিত শবের গন্ধ। সাভারে রানা প্লাজার বধ্যভূমিসংলগ্ন এলাকায় অথবা শতবর্ষী অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে এই বাতাস মাথার মধ্যে ঢুকে যায়।এই বাতাস মৃত্যুর কথা বলে, অপূর্ণ ছোট ছোট দৈনন্দিন স্বপ্নের কথা বলে। গতকাল এই বাতাসে ছিল সমাপনীর চূড়ান্ত ঘণ্টা। জীবনের আশার সমাপনী।দুপুর ১২টার দিকে রানা প্লাজার পেছন দিকে পৌঁছানোর অল্প পরে সেখানে একটি বুলডোজার ঢোকে। এদিকটায় ভবনের সিঁড়ি ছিল। এখন এ অংশের নয়টি তলা দোমড়ানো-মোচড়ানো দেশলাইয়ের বাক্সের মতো মুখ থুবড়ে পড়ে আছে বালু আর রাবিশে ভরা এবড়োখেবড়ো মাঠটায়। সেখানে কচুরিপানায় ভর্তি ডোবার পাশে দাঁড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম ধারণা করেন, বিকেল নাগাদ হয়তো মৃত্যুর সঙ্গে জীবনের লড়াই শেষ হয়ে যাবে।লাগোয়া নির্মাণাধীন যে ভবনটি থেকে মৃত্যুপুরীতে গিয়ে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে, ঘুরে সামনে এসে সেটার প্রবেশপথে দাঁড়াই। সিঁড়ি দিয়ে একটি স্ট্রেচার নামিয়ে আনা হচ্ছে—আছে, এখনো প্রাণ আছে! একটু পরপর রক্তের ছিট লাগানো মলিন সাদা কাপড়ে ঢাকা তিনটি মাংসপিণ্ড বেরোয়। তারপর আবার সচকিত ব্যস্ততা, দ্রুত অ্যাম্বুলেন্সে পৌঁছানোর তাড়া। উপস্থিত নানা সংস্থার উদ্ধারকর্মী, নানা এলাকার স্বেচ্ছাসেবী, কৌতূহলী দর্শক সবাই যেন মুহূর্তে একটি অনির্বাণ শিখা হয়ে যান—আছে, প্রাণ আছে!ত্রাণ ও উদ্ধারকাজ তত্ত্বাবধানের কেন্দ্রীয় দায়িত্বে আছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। বললেন, এ কদিন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্ধারকাজে কাঁধে কাঁধ মিলিয়েছেন। তবে আজ ভেতরে কেবল উদ্ধারকাজে প্রশিক্ষিত বা অভিজ্ঞজনকেই যেতে দেওয়া হচ্ছে।এখন কঠিন সময়। এখন প্রবল ঝুঁকি নিয়ে একটু একটু করে ছাদ কেটে জীবিতজনকে উদ্ধারের শেষ চেষ্টা করা হচ্ছে। আর কাউকে জীবিত পাওয়ার আশা যখন থাকবে না, তখন ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ তুলে ফেলা শুরু হবে। তখন সবগুলো মৃতদেহ বের করে আনা যাবে বলে এই সেনা কর্মকর্তা আশা করছিলেন।বেলা একটায় তখনো সব আশা নিভে যায়নি। মো. নাজমুল নামে অল্পবয়সী একজন স্বেচ্ছাসেবক বলেন, তাঁরা ছাদ থেকে তিনতলায় নেমে একটি লাশের পিছে জীবিত একজনকে দেখেন। কিন্তু শবটি কেটে এগোলেও তাঁর কাছে পৌঁছানো অসম্ভব বলে মনে হওয়ায় সে হতভাগ্যকে ফেলে চলে আসতে হয়েছে।নির্মাণাধীন ভবনটির দোতলা পেরোনোর সময় কানে আসে সংলগ্ন রানা প্লাজার ছাদের ফোকর দিয়ে কেউ হাঁক দিচ্ছেন, ‘কেউ কি জীবিত আছেন?’ সেদিকে কংক্রিটের স্তূপের দিকে তাকাতেই দেখি, একটি নিষ্প্রাণ হাত বেরিয়ে আছে। ছেঁচড়ে ঝুলছে একটি পুরুষের কোমর থেকে নিচের অংশ। তাকানো যায় না। সঙ্গে ছিলেন আনন্দ শিপইয়ার্ড থেকে আসা উদ্ধারকর্মী মো. জিলানি। তিনি বলেন, তাঁরা আপাতত শব উদ্ধারের চেয়ে জীবিতজনকে খুঁজে বের করতে চেষ্টা করছেন। তিনি নিজে দোতলা আর চারতলার মসজিদে এবং একটি বাথরুমে জীবিত ব্যক্তিদের সাড়া পেয়েছেন। হতভাগ্য যেসব জীবিতজন শবের তলায় চাপা পড়ে গেছেন, তাঁদের উদ্ধার করা দুঃসাধ্য।অনেক অনেক ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তিসাঁটা অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের গেট এবং মাঠ যেন বলছে, প্রিয়জনের কয়েক দিনের পচাগলা শবও বড় প্রিয়। লাশ রাখা বারান্দার সামনের মাঠে দুই যুবক তাঁদের বোনেদের ছবিসংবলিত কাগজ হাতে দাঁড়িয়ে ছিলেন। মো. সাদা মিয়া গাইবান্ধার সাঘাটা থেকে এসেছেন ভবনধসের দিনই। রানা এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, পরদিন। তাঁদের হাতের কাগজে বোনেদের কর্মস্থল লেখা রয়েছে ‘রানা প্লাজা’। কারখানার নামটুকুও নেই।পাশে সাভার থানায় পুলিশেরা হিমশিম খাচ্ছেন বড়কর্তার খেদমত করতে আর মন্ত্রীদের আগমনের ঠ্যালা সামলাতে। ওই থানায় দায়ের হওয়া দুটি মামলার কিছু তথ্য পেতে প্রায় ঘণ্টা কাবার হয়ে যায়।ততক্ষণে ভবনটির পেছনের মাঠে বড় ক্রেন ঢোকানোর চেষ্টা শুরু হয়ে গেছে। ভবনটির পেছন দিকের ধ্বংসস্তূপের নিচে অনেক শবদেহ মিলবে, বলেছিলেন জিলানি। ভবনটি ধসে পড়ার আগে নাকি শব্দ হয়েছিল এবং সবাই ছুটেছিল ওই দিকে সিঁড়ি লক্ষ্য করে।তাহলে, প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার শেষ আশাটুকুও ক্ষীণ হয়ে যায়।দুপুর নাগাদ বৃষ্টি নামলে বাতাসের গন্ধ ভিজে ভারী হয়ে চেপে বসে। এ বাতাস হত্যাকারীদের শাস্তি চায়; পঙ্গু হয়ে বেঁচে যাওয়াদের জন্য ইনসাফ চায়। ঢাকায় ফিরেও এ বাতাসকে পেরিয়ে শ্বাস নেওয়া যাচ্ছে না।