বাতাসের কারিগর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্র কিংবা বৈশাখের গরম মানেই ঘেমে নেয়ে একাকার অবস্থা। তার ওপর বিদ্যুত্ না থাকলে শহুরে জীবনে বিরক্তির আর শেষ থাকে না। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুত্ না থাকার বোধ হয় একটা সম্পর্ক আছে। আর এ বিষয়টিও সবাই বুঝে গেছেন। তাই এখন শহরের ঘরে ঘরে একটি হলেও হাতপাখা রাখা হয়।দুই ধরনের হাতপাখা দেখতে পাওয়া যায়। এক ধরণের হাতপাখা একদিক দিয়ে নাড়িয়ে বাতাস পাওয়া যায়, অন্যটি হলো ঘূর্ণির মতো। হাতে নিয়ে ঘোরালেই ফুরফুরে বাতাস। সেই বাতাসে প্রাণ জুড়িয়ে যায়।গ্রামাঞ্চলেই তৈরি করা এসব পাখা তৈরি করা হয় বাঁশ কিংবা তালপাতা দিয়ে। কেউ ঘরে বসে ছোট্ট পরিসরে, আবার বাণিজ্যিকভাবে এই পাখা তৈরির কাজ করেন। গ্রামাঞ্চলের যেকোনো মেলায় গেলেই বোঝা যায় রং-বেরঙের হাতপাখাগুলো কত যত্ন করে তৈরি করেন বাতাসের এই কারিগরেরা। তবে হাতপাখা বা বাতাসের কারিগর শুধু অজপাড়াগাঁয়ে নয়, তাঁরা শহরে এসেও গড়েছেন স্থায়ী আবাস। তেমনি একজন হাতপাখার কারিগর আহাম্মদ। রাজধানী ঢাকার বাড্ডা থানার ছোলমাইদ এলাকায় থাকেন তিনি। ১৫ বছর ধরে হাতপাখা তৈরির কাজ করেন। আগে নিজে নিজেই পাখা তৈরির কাজ করলেও এখন বড় হয়েছে তার পরিসর। আশেপাশের বাড়ি থেকে নারীরাও তাঁর সঙ্গে যোগ দিয়েছেন পাখা তৈরির কাজে। এতে তাঁরাও কিছু বাড়তি রোজগার করতে পারেন। পাশের বাড়ির সালমা ও করুণা সেই ছোটবেলা থেকেই আহম্মদের সঙ্গে হাতপাখা তৈরি করেন। এ বাড়ি ও বাড়ি হতে হতে এখন পুরো গ্রামেই আহম্মদের তত্ত্বাবধানে হাতপাখা তৈরির কাজ করা হয়। পুরো গ্রামটিই এখন ‘পাখা গ্রাম’ নামে পরিচিত। এখানে দিনে প্রায় ১০০ হাতপাখা তৈরি হয়। সেই পাখা তৈরির পর রাজধানীর বিভিন্ন এলাকায় তা বিক্রি করেন আহম্মদ। পাইকারী দামে একেকটি পাখা বিক্রি হয় ১০ টাকায়। আর খুচরা দরে প্রত্যেকটি পাখার দাম পড়ে ২০ টাকা। সেই আয় দিয়ে চলে নিজের ও অন্যান্য কারিগরদের জীবন। এভাবেই গ্রামীণ এই ব্যবসা দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছেন বাতাসের কারিগর আহম্মদ।

ভিডিও: জাহিদুল করিম